'নিউইয়র্ক সিটির অভিবাসীদের ভয় পাওয়ার কিছু নেই'

 
নিউইয়র্ক সিটির অভিবাসীদের ভয় পাওয়ার কিছু নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নতুন আদেশ জারি করলেও নিউইয়র্কের গভর্নর ও মেয়র অভিবাসীদের পক্ষে রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে ইমিগ্রেশন, ইনকাম ট্যাক্স ও ইনস্যুরেন্স বিষয়ক এক সেমিনারে নিউইয়র্কের ইমিগ্রেশন বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেন।
 
সেমিনারের কি-নোট স্পিকার বিশিষ্ট ইমিগ্রেশন অ্যাটর্নি বেরি সিলভারউইগ বলেন, আমেরিকা ইমিগ্রান্ট কান্ট্রি। এই দেশে সবার সমানাধিকার। কংগ্রেসকে পাশ কাটিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প যা খুশি তাই করতে পারবেন না। তবে আমেরিকা আইনের দেশ। সবাইকে সতর্ক থাকতে হবে তারা যেন আইন মেনে চলেন এবং কোন অপরাধের সঙ্গে জড়িত না হন।
 
এ প্রসঙ্গে তিনি বলেন, নিউইয়র্ক সিটি হচ্ছে ইমিগ্র্যান্টদের নিরাপদ স্থান। এখানে আইনপ্রয়োগকারী সংস্থা চাইলেই কাউকে বের করে দিতে পারবে না। এমনকি বৈধতা চ্যালেঞ্জ করতে পারবে না। তাদের আসল কাজ হচ্ছে দেশের সংবিধান সমুন্নত রেখে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
 
অ্যাটর্নি বেরি সিলভারউইগ ল ফার্ম, সিপিএ ইয়াকুব এ খান, এনওয়াই ইনস্যুরেন্স যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সেমিনারে অংশগ্রহণ করেন।
 
সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় সেমিনারে বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন. মজুমদার স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন সিপিএ ইয়াকুব এ খান, অ্যাটর্নি এলেন কাস, মো. শাহ নেওয়াজ, এটর্নি মার্ক লিভিংটন, ইঞ্জিনিয়ার নূরুল হক, বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশনে ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট শামসুল হক প্রমুখ।
 
IMG0
 
সেমিনারে বেরি সিলভারউইগ ট্রাম্পের ইমিগ্র্যান্ট বিরোধী নির্বাহী আদেশের ব্যাপারে বলেন, আমাদের আশাহত হওয়ার কিছু নেই। আবার ভয় পাওয়ারও কিছু নেই। সেমিনারে তিনি ইমিগ্র্যান্টদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথাও তুলে ধরেন। এ ছাড়া তিনি ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য সবাইকে হাল নাগাদ করার পরামর্শ দেন।
 
বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার সেমিনারে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশি কমিউনিটিকে আইনগত সহায়তা দিতে প্রতিবছরই এ ধরনের সেমিনারের আয়োজন করা হবে, যাতে তারা উপকৃত হন। সেমিনার ছাড়াও বছরের যে কোন সময় ইমিগ্রেশনসহ বিভিন্ন আইনি পরামর্শ নেওয়ার জন্য তার সঙ্গে সবাইকে যোগাযোগ পরামর্শ দেন তিনি।
 
সেমিনারে বিভিন্ন প্রশ্নের জবাব দেন আলোচকরা।
 
 
ইত্তেফাক/আরএ