বেঙ্গালুরে তৈরি হবে আইফোন, আনুষ্ঠানিক ঘোষণা ভারতের

ভারতের বেঙ্গালুরে কারখানা তৈরি করে আইফোন উৎপাদন করবে অ্যাপল। এটা আর গুঞ্জনের পর্যায়ে নেই, আইফোন তৈরির কথা আনুষ্ঠানিকভাবেই এবার জানালেন কর্ণাটকের তথ্যপ্র‌যুক্তি মন্ত্রী প্রিয়াংকা খারগে।
 
ভারতেই আইফোন তৈরি করবে অ্যাপল, এমন এক গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছিলো। সম্প্রতি বেঙ্গালুরে একটি জায়গা ঘুরে দেখে ‌যান অ্যাপল প্রতিনিধিরা। তার পরেই কানাঘুষা শুরু হয়, আপাতত অ্যাপল বেঙ্গালুরুতে আইফোন 'অ্যাসেম্বল' করবে। পরে পাকাপাকিভাবে ভারতেই তৈরি হবে আইফোনের সরঞ্জাম।
 
বৃহস্পতিবার কর্ণাটক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে অ্যাপলের আইফোন উৎপাদন শুরুর প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছে।
 
ওই বিবৃতিতে রাজ্যটির তথ্যপ্র‌যুক্তি মন্ত্রী প্রিয়াংকা খারগে জানিয়েছেন, অ্যাপলের উৎপাদন শুরুর ফলে একটি উন্নত পণ্যের উ‌ৎপাদনকারী হিসেবে উঠে আসবে তার রাজ্য।
 
তবে ওই বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি ঠিক কবে থেকে ওই উৎপাদন শুরু করবে অ্যাপল। সূত্রের খবর, আগামী জুন মাস থেকেই উৎপাদন শুরু হতে পারে।
 
বেঙ্গালুরে আইফোনের উৎপাদন শুরু হলে ভারতেই হবে তৃতীয় কোনো দেশ, ‌যেখানে আইফোন উৎপাদন হবে। বর্তামানে তাইওয়ানের কোম্পানি উইসট্রন আইফোন অ্যাসেম্বল করে। তারাই এবার বেঙ্গালুরে উৎপাদন শুরু করছে।
 
ইত্তেফাক/এএম