ওয়েবসাইট অ্যাডমিনিস্ট্রেশনে দেশের প্রথম ক্লাউড সার্ভার মেট্রোস্কাই চালু হচ্ছে শনিবার। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস সফটএক্সপোর তৃতীয় দিনে শুক্রবার মেলা প্রাঙ্গনে গ্রিন ভিউ হলে ক্লাউড সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনের সহজ উপায় শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এমন তথ্য জানান বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান মেট্রোনেটের ব্যবসায় উন্নয়ন বিভাগের ভাইস-প্রেসিডেন্ট হাদি মোহাম্মদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাশিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান প্লেক্সের বিক্রয় প্রকৌশলী ভ্লাদিমির স্যামুকভ। তিনি ক্লাউড সার্ভার পরিচালনে বিভিন্ন ওয়েব টুল ও অ্যাপ্লিকেশন পরিচয় করিয়ে দেন।
লিনাক্সভিত্তিক সার্ভারের গুরুত্ব উল্লেখ করে ভ্লাদিমির বলেন, একজন প্রকৌশলী লিনাক্সভিত্তিক সার্ভার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যবহারসীমা নির্দিষ্ট করে দিতে পারবেন। তিনি জানান, প্লেক্স অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহজে ক্লাউড সার্ভার পরিচালনা করতে পারবে।
ক্লাউড সফটওয়্যার সলিউশন লিমিটেডের চেয়ারম্যান নিয়ামুল হাসান, ক্লাউডভিত্তিক সার্ভার নিয়ন্ত্রণে নিরাপত্তা বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটি ওয়েব ফাইল সার্ভারে উত্তোলনের ৪০ মিনিটের মধ্যে সাইবার হামলার শিকার হতে পারে। এজন্য সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরদের নিরাপত্তা বিষয়ে গুরুত্ব হবে। এছাড়া তিনি কিভাবে একটি সার্ভারকে শুরু থেকে অপটিমাইজ করতে হয় সেটি বিস্তারিতভাবে অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন।
ইউওয়াই হোস্টিং সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত আমরা বিদেশি সার্ভারের ওপর নির্ভরশীল। আমাদের দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ক্লাউড সেবা দেয়া শুরু করলে সার্ভার ব্যবস্থাপনায় আমাদের প্রকৌশলীরা নিজস্ব প্লাগইন এবং ওয়েবটুল উন্নয়নের সুযোগ পাবেন।
মেট্রোনেটের ব্যবসায় উন্নয়ন বিভাগের ভাইস চেয়ারম্যান হাদি মোহাম্মদ বলেন, আমরা গত ছয় মাস ধরে মেট্রোস্কাই
নামে ক্লাউড সেবা নিয়ে কাজ করছি। আগামীকাল শনিবার সকালে সফটএক্সপো প্রাঙ্গনে সেবাটি উদ্বোধন করা হবে। মার্চ মাস থেকে চেষ্টা করছি নিজস্ব ক্লাউড সার্ভার উন্নয়নের।
ক্লাউড সফটওয়্যার সলিউশন লিমিটেডের চেয়ারম্যান নিয়ামুল হাসান আরও বলেন, বাংলাদেশে ক্লাউড সার্ভার প্রতিষ্ঠিত হলে স্থানীয় প্রকৌশলীরা তাদের কার্যক্রমে আরো বেশি গতিশীলতা পাবেন। যেকোন ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে সমাধান করতে পারবেন।
ইত্তেফাক/ইউবি