'গ্রহণযোগ্য প্রত্যয়নপত্র সিস্টেমে সত্যায়নের প্রয়োজন হবে না'

আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি। এখানে 'ম্যান টু ম্যান' সার্টিফিকেট যাচাই করা নিয়োগদাতাদের জন্য কষ্টকর। এছাড়া যারা আপনাকে কাজ দেবে তারা যদি আপনাকে জিজ্ঞাসা না করে আপনার সম্পর্কে জানতে পারে তাহলে কাজ দিতেও তাদের ভরসা বেড়ে যাবে। কাজ পেতেও আমাদের সদস্যদের জন্য সুবিধা হবে এবং এতে কোন সত্যায়নের প্রয়োজন হবে না। 
 
শুক্রবার বেসিস সফটএক্সপোর তৃতীয় দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজার হলে ‘আইটি খাতে কোয়ালিটি সার্টিফিকেশনের গুরুত্ব’ শীষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
 
বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসানের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে ছিলেন ডেটাসফট বাংলাদেশ লিমিটেডের পরিচালক এম মনজুর মাহমুদ, ইউনাইটেড সার্টিফিকেশন সার্ভিসেস (ইউএনআইসিইআরটি) এর পরিচালক আব্দুল কাদের, কোভেয়ার সফটওয়্যার ইনকর্পোরেশনের পরিচালক শিবাজি গুপ্ত এবং বেসিসের পরিচালক উত্তম কুমার পাল।
 
সেমিনারে বক্তারা বলেন, ডিজিটাল টুলস ব্যবহার করে সার্টিফিকেট দেয়া হলে এখানে কতগুলো অটোমেটিক পদ্ধতি ব্যবহার হবে। সাধারণ সার্টিফিকেট প্রত্যয়নে যেমন কারচুপির সুযোগ থাকে, কোয়ালিটি সার্টিফিকেটে এ ধরণের সুযোগ থাকবে না। এখানে প্রতিটি ধাপ অতিক্রম করতে হবে সঠিকভাবে। আর একটি ধাপ অতিক্রম করে অন্য ধাপে যাওয়া যাবে না। এতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে।
 
বক্তারা আরো বলেন, উন্নত দেশের সংস্থাগুলোর মত বেসিসও কোয়ালিটি সার্টিফিকেশন নিয়ে কাজ শুরু করেছে। কোয়ালিটি সার্টিফিকেশন কাজের নিরাপত্তা প্রদান করে এবং আইটি ইন্ডাস্ট্রিতে বিশ্বাসযোগ্যতা প্রদান করে। সার্টিফিকেট হোল্ডারদের সার্টিফিকেট পেতে যেমন পরীক্ষা দিতে হবে তেমনি কাজ যারা দেবে তাদেরও সঠিক লোককে খুঁজে পেতে সুবিধা হবে।
 
ইত্তেফাক/এএম