মায়ের কোলে ফিরেছে সেই পাকিস্তানি শিশু

দীর্ঘ চেষ্টার পর অবশেষে ভারতের সহযোগিতায় পাকিস্তানে মায়ের কোলে ফিরল ৫ বছরের শিশু ইফতেখার। শনিবার ওয়াগাহ সামীন্তে পাকিস্তানি শিশুকে তার মায়ের হাতে তুলে দেন ভারতীয় কর্মকর্তারা।

আনন্দে আত্মহারা মা রোহিনা চোখের জলে ধন্যবাদ জানিয়েছেন দুই দেশের প্রশাসনকে। ২০১৬ সালের মার্চ মাসে ইফতেখার আহমেদ নামে ওই শিশুকে ভারতে নিয়ে আসেন তার বাবা গুলজার আহমেদ। তিনি জম্মুর বাসিন্দা এবং বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সদস্য। ইফতেখারের মা রোহিনার অভিযোগ, তার স্বামী মিথ্যা কথা বলে ছেলেকে নিয়ে ভারতে চলে আসেন। তিনি বলেছিলেন, ছেলেকে একটি বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাচ্ছেন। অথচ প্রথমে দুবাই ও পরে ভারতে ছেলেকে নিয়ে যান তার স্বামী। এরপর ছেলেকে ফিরে পেতে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের সহায়তায় ভারতীয় আদালতে মামলা দায়ের করেন রোহিনা। গত বছরের মে মাসে তার পক্ষে রায় দেয় আদালত। তবে, সীমান্তে দুই প্রতিবেশী দেশের মধ্যে তীব্র উত্তেজনা থাকায় মায়ের কোলে ছেলের ফিরতে সময় লাগে আট মাস। খবর টাইমস অব ইন্ডিয়া ও ডনের।

ইত্তেফাক/এসএসএ