তিন দিনের শিশুর পা ভেঙে দিলো কান্নায় বিরক্ত ওয়ার্ড বয়

শ্বাসকষ্টের সমস্যা থাকায় ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ-তে রাখা হয় তিন দিন বয়সের এক শিশুকে। সেখানে তার যত্ন নেওয়া তো হলই না, উল্টো কান্নায় বিরক্ত হয়ে তার পা ভেঙে দিল হাসপাতালের এক ওয়ার্ড বয়!
 
সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনাটি। এ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন শিশুটির বাবা।
 
ওই শিশুটির জন্ম হয় ২৫ জানুয়ারি। এরপর ২৮ জানুয়ারি তাকে ভর্তি করা হয় ভারতের উত্তরাখণ্ডের রুরকির এক বেসরকারি হাসপাতালে। সেখানেই তার পা ভেঙে দেয় ওই ওয়ার্ড বয়।
 
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, হাসপাতালের ওই কর্মী সেই সময় একাই আইসিইউ-তে ছিল। সে কাজ করার বদলে বিশ্রাম নিচ্ছিল। শিশুটি কান্না শুরু করতেই সে উঠে গিয়ে তার পা ধরে টানতে শুরু করে। এরপর শিশুটির কান্না বেড়ে যায়। কিন্তু তাতে কান না দিয়ে নিজের মতোই থাকে ওই কর্মী।
 
প্রথমে শিশুটির পা ভাঙার ব্যাপারটা বোঝা যায়নি। পরে তাকে যখন দেরাদুনের একটি হাসপাতালে ভর্তি করা হয়, তখন তার পা ভাঙার কথা জানান সেখানকার চিকিৎসকরা। এরপর গোটা ঘটনা প্রকাশ্যে আসে।
 
 
ইত্তেফাক/এএম