তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে বাংলাদেশ রোল মডেল: ইউএন আন্ডার সেক্রেটারি জেনারেল সামসাদ

 
ইউএনএসকাপ সদস্যভূক্ত দেশগুলোর মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে দৃশ্যমান অগ্রগতির ফলে বাংলাদেশ আজ রোল মডেল। সদস্যভূক্ত দেশগুলো পারস্পরিক সহযোগিতা অংশীদারিত্বের ভিত্তিতে আরো প্রয়োগ করা হলে, এ অঞ্চল তথ্যপ্রযুক্তিখাত আন্তর্জাতিক মানদণ্ডে এগিয়ে যাবে। বুধবার সকালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন-এসকাপ’র এক্সিকিউটিভ সেক্রেটারি সামসাদ আক্তার এসব কথা বলেন।
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে তাঁর আগারগাঁওয়ের কার্যালয়ে এক সৌজন্য স্বাক্ষাতে এসব কথা জানান তিনি। সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রকাশিত সুষম উন্নয়নের অগ্রগতির সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩৬তম হওয়ায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
 
প্রতিমন্ত্রী পলক বাংলাদেশকে ইউএন-এসকাপের পরবর্তী স্টিয়ারিং কমিটির সভাপতি নির্বাচিত করায় ইউএন-এসকাপ এর নির্বাহী সেক্রেটারি সামসাদ আক্তারকে ধন্যবাদ জানান এবং এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়েতে সদস্যভূক্ত দেশগুলোকে একক নেটওয়ার্কে সংযুক্ত করতে একটি চূড়ান্ত প্রস্তাব ইউএন-এসকাপের আগামী বৈঠকে বাংলাদেশ উপস্থাপন করবে বলে জানান এবং ইউএন-এসকাপ এর এক্সিকিউটিভ সেক্রেটারি ও সদস্য রাষ্ট্রের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
 
উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক, বাংলাদেশ উইমেন ইন আইটি সভাপতি লুনা সামসুজ্জোহা প্রমূখ।
 
ইত্তেফাক/এমএআর