২০২১ সালের মধ্যে আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একইসঙ্গে আইসিটি পেশাজীবীদের সংখ্যা ২০ লাখে উন্নীতকরণ ও জিডিপি’তে আইসিটি খাতের অবদান ৫ শতাংশ নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্টরা।
এ লক্ষ্যকে সামনে রেখে, যশোরে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সরকারের ‘স্কিল ফর ইমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম-সেইপ’ প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী দক্ষতা উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক ‘আইসিটি-আউটসোর্সিং’ বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।
ছয় মাসব্যাপী ওয়েব ডিজাইন এন্ড গ্রাফিক্স ডিজাইন এবং আইটি সাপোর্ট সার্ভিস কোর্সের প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। যশোরস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল রিকনষ্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে প্রধান কার্যালয়ের স্থানীয় ৬ জন প্রতিষ্ঠিত তরুণ আইসিটি ফ্রিল্যান্সারদের নিয়ে একটি সভা এবং পিকেএসএফ-সেইপ ফেইসবুক পেইজের লাইভে অংশগ্রহণ করা হয়।
যেখানে অংশগ্রহণ করেন যশোরের অন্যতম উদীয়মান তরুণ ফ্রিল্যান্সার হাসিব, নূর আলম, সেন্ড্রো রয়, আফতাব আহমেদ, মতিউর, আউয়াল হোসেন, মঈনউদ্দীন এবং ইমামুল হাসান। পিকেএসএফ-এর পক্ষ থেকে প্রকল্প ব্যবস্থাপক জনাব খালেদ মাহফুজ এবং আরআরএফ-এর পক্ষ থেকে সিনিয়র ট্রেইনার খালেদা নার্গিস।
লাইভ ভিডিওতে পিকেএসএফ পরিচালিত সেইপ প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান থেকে আউটসোর্সিং আইসিটি, ওয়েব-গ্রাফিক্স ডিজাইন ও আইটি সাপোর্ট সার্ভিস কোর্সে অংশগ্রহণ করে। আরআরএফ’র প্রশিক্ষণার্থীসহ যশোরের জাগরনী চক্র ফাউন্ডেশন (জেসিএফ), ঢাকার দিপ্তী এবং গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) সংস্থার প্রশিক্ষণার্থীরাও অংশ নেন।
প্রকল্প ব্যবস্থাপক জনাব খালেদ মাহফুজ বলেন, সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক তরুণ আছে যারা দেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম। সেই উদীয়মান তরুণ জনগোষ্ঠীকে সকলের সাথে পরিচয় করিয়ে নতুনদের অনুপ্রাণিত করার লক্ষ্যেই এই লাইভ ভিডিওর পরিকল্পনা করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে তরুণ জনগোষ্ঠীকে আইসিটি খাতে সুদক্ষ করে গড়ে তোলা সম্ভব।
গত বছরের ফেব্রুয়ারী থেকে এখন পর্যন্ত আরআরএফ থেকে তিনটি ব্যাচে ৭৫ জন ছাত্র-ছাত্রী আইসিটি আউটসোর্সিং বিষয়ে সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং এদের মধ্যে ৫০ ভাগের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ ইতোমধ্যে সফলতার স্বাক্ষর রেখেছে।
ইত্তেফাক/ আনিসুর