শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো ইয়ুথ লিডারশিপ বুটক্যাম্পের চতুর্থ পর্বের সমাবর্তন।
জাতীয় পর্যায়ের এই নেতৃত্ব উন্নয়ন বিষয়ক আবাসিক কর্মশালাটির আয়োজক বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)। বিগত ২০১৩ ও ২০১৫ সালের সাফল্যের ধারাবাহিকতায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সহযোগিতায় এ বছর ২ থেকে ৫ ফেব্রুয়ারি এবং ৯ থেকে ১২ ফেব্রুয়ারি পরপর দুটি বুটক্যাম্পের আয়োজন করেছে বিওয়াইএলসি । শ্রীমঙ্গলের বাংলাদেশ টি রিসোর্টে অনুষ্ঠিত চারদিনের এই দুটি কর্মশালাতে নেতৃত্ব চর্চা এবং ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে জ্ঞান লাভ এবং মতামত বিনিময় করেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ২০০ জন শিক্ষার্থী। দেশজুড়ে প্রায় ১৬০০ ও বেশি আবেদনকারীর মাঝে কেবলমাত্র মেধা ও দক্ষতার ভিত্তিতে বাছাইকৃতরাই দুটি কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
সমাবর্তন অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সমাবর্তনসহ বুটক্যাম্পের অন্যান্য দিনগুলোতে আরও বক্তব্য রাখেন বিওয়াইএলসির চেয়ারপার্সন আখতার মতিন চৌধুরী, প্রেসিডেন্ট ইজাজ আহমেদ, বোর্ডমেম্বার মনজুর হাসান ওবিই । এছাড়া বক্তব্য রাখেন মাইক্রোসফট বাংলাদেশের নির্বাহী পরিচালক সোনিয়া বশির, আজকের ডিল এর সিইও ফাহিম মাশরুর, এডকমের নির্বাহী পরিচালক নাজিম ফারহান চৌধুরী এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম।
মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মার্কিন দূতাবাস বিওয়াইএলসির গর্বিত অংশীদার হিসেবে এর পাশে আছে। উন্নয়নের লক্ষ্যে নেতৃত্বের মূল্যবোধ বিকাশের জন্য প্রতিষ্ঠানটির নিরলস কাজ আমদের অনুপ্রাণিত করে।
অন্তর্মুখী স্বভাবের মানুষও নেতৃত্ব চর্চা করতে পারে। কারণ নেতৃত্ব শুধুই প্রভাববিস্তার কিংবা দৃষ্টি আকর্ষণ নয়; বরং নেতৃত্বের মাধ্যমে মানুষের অবস্থানের উন্নয়নের জন্য কাজকে এগিয়ে নেয়া যায় আর বুটক্যাম্প থেকে পাওয়া এটাই আমার সবচেয়ে বড় শিক্ষা। সমাবর্তন অনুষ্ঠানে এভাবেই নিজের অভিজ্ঞতা তুলে ধরেন বুটক্যাম্পের একজন অংশগ্রহণকারী এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহমেদ সারাফ তুবা।
আরেকজন অংশগ্রহণকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিসা হক তার বক্তব্যে সমাজে সমান অংশগ্রহণমূলক নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তের ভিন্ন মতের শিক্ষার্থীদের সঙ্গে খুব কাছে থেকে কাজ করার সুবাদে আমি বলতে পারি ভিন্ন মাধ্যম ও ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষদের নেতৃত্ব চর্চার মাধ্যমে এক হয়ে কাজ করতে উৎসাহিত করা প্রয়োজন।
ক্লাসে আলোচনা, দলীয় কথোপকথন , কেসস্টাডি বিশ্লেষণ, নিজের অভিজ্ঞতা বিনিময় মূলত এই বিষয়গুলি দিয়েই বুটক্যাম্পের পাঠ্যক্রম সাজানো হয়েছে যার দ্বারা বিওয়াইএলসির অভিজ্ঞ শিক্ষক এবং ফ্যাসিলিটেটরগণ অংশগ্রহণকারীদের শিক্ষণে সাহায্য করে থাকেন। এতে করে শিক্ষার্থীরা আত্ম উন্নয়ন, সমস্যা সমাধান, যোগাযোগ দক্ষতা, গঠনমূলক চিন্তা এবং দলীয় কাজের যোগ্যতা অর্জন করে। বুটক্যাম্পেরই একটি অংশ হিসেবে অংশগ্রহণকারীদের ক্যারিয়ার নির্বাচন এবং সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রের বাস্তবচিত্র অনুধাবনের লক্ষ্যে বিওয়াইএলসি মৌলভীবাজারের ডিসি অফিস , ব্র্যাক এবং সামিট গ্রুপের পাওয়ার প্ল্যান্টে একটি শিক্ষামূলক পরিদর্শনের আয়োজন করে ।
ইত্তেফাক/উজ্জল