শিগগিরই হয়ত টরেন্ট ওয়েবসাইট থেকে প্রিয় টিভি অনুষ্ঠান, মুভি বা গান ডাউনলোড করতে পারবেন না আপনি। কারণ, মাইক্রোসফট বিং ও ইয়াহুর সাথে জোট বেঁধে সার্চ রেজাল্ট থেকে টরেন্ট সাইট মুছে ফেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছে গুগল।
তবে আপাতত তা ব্রিটেনের জন্য প্রযোজ্য হবে। পরবর্তীকালে ব্রিটেন ছাড়িয়ে অন্যান্য দেশেও তা কার্যকর হতে পারে।
টরেন্ট ফ্রিক থেকে নতুন এক রিপোর্টে জানানো হয়েছে, ব্রিটেনের ব্রিটিশ ইন্টেলেকচুয়্যাল প্রপার্টি অফিসে বিনোদন জগতের কর্তাদের সঙ্গে কিছুদিন আগেই দেখা করেছেন গুগল-ইয়াহু-বিং এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারপরই টরেন্টের সাইট বন্ধের ইঙ্গিত পাওয়া গেছে।
এর আগে বিষয়টি নিয়ে ব্রিটেনের জাতীয় রাজনৈতিক স্তরে আলোচনা হয়েছে। তারপরই ব্রিটিশ ইন্টেলেকচুয়্যাল প্রপার্টি অফিসের কর্তারা টরেন্ট বন্ধ রাখার বিষয়ে আলোচনা শুরু করেন বলে জানা গেছে।
সাইট চালু বা বন্ধের বিষয়ে একটি বোঝাপড়ায় আসতে চাইছে সকল পক্ষই। তবে 'ব্রিটেনের ডিজিটাল ইকোনমি বিল' কার্যকর হলে সাইটির বন্ধ হওয়া নিশ্চিত। সূত্র- ওয়ান ইন্ডিয়া ও ডিএনএ ইন্ডিয়া।
ইত্তেফাক/মনসুর