গুগলে চাকরি চাইল সাত বছরের বালিকা!

দুনিয়ার প্রযুক্তিপ্রেমী সব মানুষের কাছেই গুগল এক বিস্ময়ের নাম। আর যারা পেশা হিসেবে প্রযুক্তিভিত্তিক কোনো প্রতিষ্ঠানে চাকরি করার পরিকল্পনা করেন তাদের কাছে গুগলের চাকরি তো রীতিমতো সোনার হরিণের মতো।

গুগলে চাকরি পেতে প্রযুক্তির ওপর বিশেষ জ্ঞান এবং বিশেষ পারদর্শিতা থাকতে হয়। লাখ লাখ প্রতিযোগীকে পেছনে ফেলেই কেবল স্বপ্নের সিঁড়িতে চড়ার স্বপ্ন পূরণ হয় গুটিকয়েক মানুষের। তবে এবার মাত্র সাত বছর বয়সেই কিনা গুগলে চাকরির আবেদন জানিয়ে হইচই ফেলে দিয়েছে এক শিশু।

গুগল প্রধানকে উদ্দেশ করে লেখা ঐ চিঠিতে শিশুটি লিখেছে, ‘আমার নাম ক্লোয়ি, আমি বড় হয়ে গুগলে চাকরি করতে চাই। আমি একটি চকলেট ফ্যাক্টরিতেও কাজ করতে চাই। অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতায়ও অংশ নিতে চাই।’ কম্পিউটারের প্রতি ভালোলাগার কথাও জানাতে ভুল করেনি ক্লোয়ি ব্রিজওয়াটার।

অর্থাত্ চাকরি চাইতে গেলে যা যা উল্লেখ করতে হয়, লেখাপড়ার অবস্থা, পছন্দ-অপছন্দ তার সবই সবিস্তারে উল্লেখ করেছে। মজার বিষয় হলো, তার সেই আবেদনটিকে মোটেই হালকাভাবে নেয়নি গুগল।

 গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই সাত বছরের ঐ শিশুটির আবেদনের জবাবও দিয়েছেন। জগদ্বিখ্যাত কোনো সংস্থায় চাকরি করতে গেলে যে যথেষ্ট হূদয়বান এবং উদার হতে হয় তার প্রমাণ দিতে ভুল করেননি সুন্দর পিচাই।-এনডিটিভি

ইত্তফোক/নূহু