আবুধাবীর বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 
বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা করার জোর দাবি নিয়ে সংযুক্ত আরব আমিরাতে নানা কর্মসূচীর মাধ্যমে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে সকালে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। 
 
এরপর তিনি বিভিন্ন রাজনৈতিক,  সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিয়ে দূতাবাসের অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। 
 
পরে দূতাবাস মিলনায়তনে দূতাবাসের উদ্যোগে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এর সভাপতিত্বে  একুশে ফেব্রূয়ারী  শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক   আলোচনা সভার আয়োজন করা হয়। 
 
মোহাম্মদ ওসমান গণির পরিচালনায় অনুষ্টানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণী পাঠ করে শোনান, যথাক্রমে দূতাবাসের মিনিস্টার ইকবাল হোসেন চৌধুরী, কাউন্সিলর (রাজনৈতিক) শহীদুজ্জামান ফারুকী, শ্রম কাউন্সিলার আরমান উল্লাহ চৌধুরী ও শ্রম সচিব এ কে এম মকসুদ  আলী।
 
এতে বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ সমিতি, জনতা ব্যাংক, বিমান বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও নেতা বক্তব্য দেন।
 
পরে ভাষা শহীদসহ সকল শহীদের আত্মার মাগফেরাতে বিশেষ দোয়া করা হয়।
 
ইত্তেফাক/নূহু