শাশুড়িকে গালি দিতে নিষেধ করায় ভাসুরের দায়ের কোপে গৃহবধূ আহত

নাটোরের বাগাতিপাড়ায় শাশুড়িকে গালি দিতে নিষেধ করায় দা দিয়ে কুপিয়ে হেলেনা বেগম (৩০) নামের এক গৃহবধূকে আহত করার অভিযোগ উঠেছে তার ভাসুরের বিরুদ্ধে। উপজেলার বাটিকামারি গ্রামে এ ঘটনা ঘটে। আহত হেলেনা বেগম ওই গ্রামের কামরুজ্জামান মাহাবুবের স্ত্রী।

কামরুজ্জামান মাহাবুব তার অভিযোগে বলেন, তার ভাই আজাদ হোসেন পারিবারিক কলহের জের ধরে তাদের মা শামসুন্নাহারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সে সময় তার স্ত্রী হেলেনা বেগম মাকে গালি দিতে নিষেধ করেন ভাসুর আজাদকে। এতে ক্ষিপ্ত হয়ে আজাদ হোসেন দা দিয়ে তার স্ত্রী হেলনাকে কুপিয়ে আহত করেন। সে সময় তার ভাবি শাপলা বেগমও হেলেনাকে কিল-ঘুষি মারে। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এ বিষয়ে কামরুজ্জামান তার ভাই আজাদ ও ভাবি শাপলা বেগমের বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

মা শামসুন্নাহার বলেন, লাউ ছেঁড়া নিয়ে মাহাবুব ও আজাদ দুই ভাইয়ের মধ্যে বাক-বিতণ্ডা হচ্ছিল। সে সময় তিনি তাদের থামাতে গেলে আজাদ গালিগালাজ করে ধাক্কা দিয়ে তাকে (মাকে) মাটিতে ফেলে দেয়। সে সময় মাহাবুব ও তার স্ত্রী আজাদকে এর প্রতিবাদ করলে দা দিয়ে মাহাবুবের স্ত্রীকে কোপ দেয়।

এ ব্যাপারে অভিযুক্ত আজাদ হোসেন মুঠোফোনে বলেন, ‘অনেকদিন আগে থেকেই মাহাবুব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর আগে কয়েকবার আমাকে মারতে ধাওয়া করেছিল। ঘটনার দিন সকালে লাউয়ের গাছ নষ্ট করা নিয়ে মাকে বুঝাচ্ছিলাম। সে সময় মাহাবুব ও তার স্ত্রী আমাকে টুল দিয়ে মারতে আসে। আমি প্রতিহত করতে গিয়ে আমার হাতে থাকা দায়ে লেগে তার কপাল কেটে গেছে। তবে কোপানোর অভিযোগ সঠিক নয়।’

আরও পড়ুনঃ একবছর ধরে বসে ঘুমান মঠবাড়িয়ার সিদ্দিক

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এএসআই আব্দুল আওয়াল জানান, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করা হচ্ছে।

ইত্তেফাক/নূহু