ইতালির মিলানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সেখানে বাংলাদেশিদের উদ্যোগে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন কনসাল জেনারেল রেজিনা আহমেদ।
 
তার সঙ্গে ছিলেন  কম্যুনে ডি মিলানোর ‘ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড সিভিল রাইটস’ কমিটির প্রেসিডেন্ট ডিয়ানা দি মার্কি এবং কম্যুনে দি মিলানোর কাউন্সেলর কারমেলা রজ্জা মিলানে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন। মধ্যরাতের শ্রদ্ধানিবেদনের এই আয়োজনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। 
 
বিকালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান স্থানীয় একটি হলে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালন করে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কম্যুনে ডি মিলানোর ‘ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড সিভিল রাইটস’ কমিটির প্রেসিডেন্ট ডিয়ানা দি মার্কি। অনুষ্ঠানসূচীতে অন্তর্ভুক্ত ছিল শহীদ দিবস উপলক্ষে প্রেরিত বাণী পাঠ, কনসাল জেনারেলসহ অন্যান্য বক্তাদের বক্তব্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
  
অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন কনসাল জেনারেল রেজিনা আহমেদ, ডিয়ানা দি মার্কি, (ডেমোক্রেটিক পার্টির এম.পি. এলোওনরা চিমব্রো এর প্রেরিত শুভেচ্ছা বক্তব্য পড়ে শোনানো হয়) ফ্রান্স কনসাল জেনারেল অলিভিয়ের ব্রোসেত, ভারতীয় কনসাল জেনারেল চরনজিৎ সিং, বাংলাদেশ কমিউনিটির নেতা,  ইতালীয়ান স্কুল পোলো স্টার্ট-১ এর শিক্ষিকা আরকানজেলা মাস্ত্রোমার্কো এবং সি.পি.আই.এ ইতালীয় ভাষা শিক্ষা স্কুলের প্রধান পিয়েত্রো কাভানইয়া ।
 
সভাপতির অভিভাষণে কনসাল জেনারেল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ এর প্রতিপাদ্য ‘টুওয়ার্ডস সাসটেইনেবল ফিউচারস থ্রো মালটিলিংগুয়াল এডুকেশন’ এর আলোকে তাঁর বক্তব্য তুলে ধরেন।  তিনি তাঁর বক্তব্যে মহান ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং ইউনেস্কোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাধ্যমে ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি লাভের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি টেকসই উন্নয়ন ২০৩০ লক্ষ্যমাত্রা অর্জনে মাতৃভাষায় পঠন পাঠন তথা বহুভাষিক শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব প্রদানের জন্য ইতালিসহ সকল দেশকে আহবান জানান। 
 
অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশে প্রবাসী বাংলাদেশী শিশু কিশোরসহ চেক রিপাবলিক স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল অব ইউরোপ, সি.পি.আই. স্কুল এবং ব্লুম কলেজ স্কুলের শিক্ষার্থীরা বাংলা, কোরিয়ান, জার্মান, স্প্যানিশ, ডয়েস, সুইস, নিউজিল্যান্ড, জাপানীজ, ওয়েলস, চেক, রাশিয়ান, ইতালীয় ও শ্রীলংকানসহ মোট ১৪টি ভাষায় বহুভাষিক পরিবেশনা উপস্থাপন করে। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  নির্মিত “ল্যাংগুয়েজেস ম্যাটার” শীর্ষক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
 
সবশেষে শহীদ দিবস ২০১৭ উপলক্ষে কন্স্যুলেট, ইউরোপিয়ান ইউনিয়ন, ইতালীয় শিক্ষা মন্ত্রণালয় এবং ইতালীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশী প্রবাসীদের জন্য অবৈতনিক  ইতালীয় ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়।  উক্ত কোর্সটি সপ্তাহে দুইদিন কনস্যুলেট ভবনে পরিচালনা করা হবে। 
 
ভারত, ফ্রান্স, মরক্কো, কুয়েত,মিশন, ইরান, বুরকিনা ফাসো এর  কনসাল জেনারেলগণ, আলজেরিয়ার কনসাল , মেক্সিকোর ভাইস কনসাল এবং ওমানের অনারারী কনসালসহ উল্লেখযোগ্য সংখ্যক ইতালীয় দর্শক এবং  সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/সাব্বির