স্মার্টফোন অ্যাপলিকেশনের মাধ্যমে কোনো নির্দিষ্ট স্থান, রেস্টুরেন্ট, দোকান খুঁজে পাওয়ার নজির অনেক আগেই স্থাপিত হয়েছে। তবে জাপানে স্মার্টফোনের মাধ্যমে নির্দিষ্ট স্থান চিহ্নিত করার বিষয়টি নিয়ে গেছে নতুন মাত্রায়।
নতুন এই অ্যাপের মাধ্যমে সহজেই খালি টয়লেট খুঁজে পাওয়া যাবে।
জাপানের টেলিকম অপারেটর কেডিডিআই জানিয়েছে, দেশটির চাকরিজীবীদের কর্মঘণ্টার অনেকটা সময় নষ্ট হয় খালি বাথরুমের খোঁজে। অনেকটা সময় তাদের বসে থাকতে হয় বাথরুম খালি হওয়ার অপেক্ষায়। তাই তারা নতুন একটি অ্যাপ ডেভেলপ করেছে যার মাধ্যমে খালি টয়লেট খুঁজে পাওয়া যাবে।
কোম্পানিটি জানিয়েছে, প্রতিপি বাথরুমের দরজায় সেন্সর লাগানো থাকবে যেটি সেন্ট্রাল কম্পিউটার সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে। আর এর মাধ্যমে খালি বাথরুমের ‘রিয়াল টাইম আপডেট’ পাবেন অ্যাপ ব্যবহারকারীরা। তবে এতে অনেকে ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন হতে পারে বলে আশঙ্কা করছে।
কেডিডিআই আশা প্রকাশ করেছে, যদি এটি তাদের অফিসে সফলভাবে ব্যবহার করা সম্ভব হয় তাহলে রেলওয়ে স্টেশন, শপিং মল, স্টেডিয়ামে এই প্রযুক্তি ব্যবহার করার জন্য প্রস্তাব করা হবে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির