লন্ডনে যথাযোগ্য মর্যাদায় একুশে পালিত

লন্ডন হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২.০১ মিনিটে লন্ডনের আলতাফ আলি পার্কস্থ শহীদ মিনারে দিনের কর্মসূচী শুরু করেন হাইকমিশনার মোঃ নাজমুল কাওনাইন।
 
সকালে পতাকা অর্ধনমিত করে দিনের কর্মসূচী শুরু করেন হাইকমিশনার। বেলা ১১টায় চেলসি ওল্ড টাউন হলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তাৎপর্য বিষয়ে আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
 
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ও ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী। এছাড়াও বাংলাদেশের প্রথম ডাকটিকেট ডিজাইনার বিমান মল্লিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন ইউনেস্কোর যুক্তরাজ্য প্রতিনিধি ড. বার্থ টেইলর ও স্যার এলান মিল এমপি।
 
 
হাইকমিশনার তার বক্তব্যে ভাষা শহীদ ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এবং একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা গাফফার চৌধুরীকে ধন্যবাদ দিয়ে বলেন, এই গান মহান স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা যুগিয়ে ছিল। একুশের কর্মসূচীর অংশ হিসেবে কার্ডিফে শহীদ মিনার উদ্বোধন করেন সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দিপু মনি এমপি।
 
ইত্তেফাক/সাব্বির