রংপুর অফিস
রংপুর র্যাব-১৩ বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির দুই শীর্ষ নেতা গ্রেফতার হয়েছে। দিনাজপুর ও লালমনিরহাটে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার সকালে রংপুর র্যাব-১৩ এর সহকারী পরিচালক এএসপি মো. আহসান হাবিব সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-১৩ এর জঙ্গি সেলের একটি বিশেষ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিনাজপুর সদরের সিকদারহাট এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ জেএমবি নেতা মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুর রশিদকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে মোবাইলে সংরক্ষিত জঙ্গি সংগঠনের বিভিন্ন ম্যাগাজিন ও জঙ্গিবাদী ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়। অপরদিকে র্যাব-১৩ এর জঙ্গি সেলের অপর একটি দল একই দিন বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চৌরঙ্গী মোড়ে বাজারের রুমন স্টোরে অভিযান চালিয়ে সক্রিয় জেএমবি সদস্য মৃত নূরুল হকের ছেলে মো. মাহমুদ হাসান রুমানকে গ্রেফতার করে।
র্যাবের এএসপি আহসান হাবিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জঙ্গি কার্যক্রমে তরুণদের উদ্বুদ্ধ, সদস্য সংগ্রহ, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ এবং অস্ত্রশস্ত্র সংগ্রহ কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছে।