সড়কে দুর্ঘটনা, গ্রেফতার শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক

মাতাল হয়ে গাড়ি চালিয়ে এক ব্যক্তিকে আহত করার অভিযোগে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দীমুথ করুনারত্নকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রবিবার শ্রীলঙ্কার বোরেল্লা অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

ক্রিকইনফোর খবরে বলা হয়, ভোরে দুর্ঘটনা ঘটার পর পুলিশ করুনারত্নকে গ্রেফতার করে। পরে আদালতে নেওয়া হলে তাকে জামিন দেওয়া হয়। তবে এই সপ্তাহের কোন এক সময় তাকে আদালতে আবার হাজির করা হবে। মাতাল হয়ে গাড়ি চালানোয় তাকে জরিমানা করতে পারে আদালত।

খবরে আরো বলা হয়, তিন চাকার একটি গাড়িকে ধাক্কা দেয় দীমুথ করুনারত্নের রেঞ্জ রোভার। এসময় গাড়িটি চালাচ্ছিলেন তিনি নিজেই। দুর্ঘটনায় তিন চাকার গাড়ির চালক সামান্য আহত হয়েছেন।

আরো পড়ুন: সৎ ভাই ধরে রাখে, সৎ মা দেয় গরম খুন্তির ছেকা!

এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানায়, তারা করুণারত্নের বিষয়ে সিদ্ধান্ত নিতে আদালতের রায়ের অপেক্ষা করছে।  রায়ের পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভবত নিষেধাজ্ঞা জুটতে পারে তার কপালে।

দিমুথ করুণারত্মের নেতৃত্বে কিছুদিন আগে এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। আর ইংল্যান্ডে তার নেতৃত্বেই বিশ্বকাপে খেলার কথা রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট টিমের।

ইত্তেফাক/জেডএইচ