চৌগাছা (যশোর) সংবাদদাতা
চৌগাছায় তাসলিমা হত্যার মূল পরিকল্পনাকারী আসামি শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শরিফুল উপজেলার বাদেখানপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শরিফুলের গ্রামের একটি কুড়েঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী অফিসার ও ওসি তদন্ত উত্তম কুমার বিশ্বাস জানান, গত ১৮ নভেম্বর বিকাল চারটার সময় বাদেখানপুর গ্রামের মাঠ থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করি। ওই সময় লাশের পাশে পড়ে থাকা ভ্যানিটি ব্যাগে সিমবিহীন একটি মোবাইল ফোন পাই। পুলিশ ফোন মেমোরিতে একমাত্র মনিরামপুরের ইত্তা গ্রামের আবুবক্কর নামের ব্যক্তির নামের সুত্র ধরে রাতেই মনিরামপুর তার বাড়িতে হানা দেয়। এ সময় আবু বক্কর বাড়িতে ছিল না। পুলিশ পরবর্তীতে আবু বক্করের সঙ্গে কথা বলে জানতে পারে (পুলিশের বর্ণনা মতে) নিহত মহিলা তার ধর্ম মা। তার নাম তাছলিমা। সে শার্শা থানার টেংরালি গ্রামের আব্দুল বাজের মেয়ে ও একই থানার রঘুনাথপুর গ্রামের মালেয়েশিয়া প্রবাসী বিল্লালের স্ত্রী। পুলিশ আবু বক্করের নিকট থেকে পাওয়া নিহত তাছলিমার মোবাইল নম্বরের সুত্র ধরে জানতে পারে গ্রেফতারকৃত শরিফুল ইসলাম ঘটনার দিন ২৫ বার এবং ঘটনার আগের দিন তাসলিমার সাথে ২৬ বার মোবাইলে কথা বলেছে। এবং শরিফুল ইসলাম এই হত্যার মূল পরিকল্পনাকারী বলেও স্বীকার করেছে।