নিরাপদ ক্যাম্পাসের দাবিতে চবিতে মানববন্ধন

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরের সামনে এ মানব বন্ধন করে তারা। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে ফুট ওভার ব্রিজ নির্মানেরও দাবি জানায় তারা।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলে, ‘সম্প্রতি ক্যাম্পাসের ভিতরে ছিনতাইয়ের ঘটনাসহ মেয়েদের প্রতি ইভটিজিং বেড়েই চলেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না করে বরং ক্যাম্পাসের ভিতরে সৌন্দর্যবর্ধিত স্থানগুলোতে আমাদের যাওয়া বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে বহিরাগতরা অবাধে ক্যাম্পাসের ভিতের এসব কাজ করে যাচ্ছে। বহিরাগতদের কাছে আমরা বিশ্ববিদালয়ের শিক্ষার্র্থীরা আর কত জিম্মি থাকবো? আমরা কি তাদের এই কর্মকাণ্ড থেকে মুক্তি পাবো না? বিশ্ববিদ্যালয় প্রশাসন কি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবে না? আমরা আশা করবো বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত আমাদের নিরাপত্তা ব্যবস্থাসহ নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলবে।’

এ সময় তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে ফুট ওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও প্রশাসন এ বিষয়ে কোনো ধরণের কাজ করছে না বলে অভিযোগ করেন।

আরও পড়ুনঃ বালাগঞ্জে ডাকাতের গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে চবি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীরা যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নে কাজ করবে।’

ইত্তেফাক/নূহু