বাচ্চাকে স্বাবলম্বী করে গড়ে তুলতে

বাচ্চাকে স্বাবলম্বী করে গড়ে তোলা আসলেই একটা বড় চ্যালেঞ্জ। কীভাবে বাচ্চারা নিজের কাজ নিজে করার অভ্যাস গড়ে তুলবে তা নিয়ে আলোচনা করা গেল
 
শুরু করতে দেরি করা যাবে না
বাবা-মায়ের দায়িত্ব হচ্ছে, যে বয়স থেকে বাচ্চারা কথা বুঝতে পারে, সেই সময় থেকেই তাদের প্রশিক্ষণ দেয়া। এর প্রথম ধাপই হল, নিজের কাজ নিজে করা। কাজ করার সময় ওকে সঙ্গে রাখতে হবে। দু-একটা জামা ভাঁজ করতে দিন। কাজের সময় গল্প বা গান করলে ওর উৎসাহ বাড়বে। স্কুলে ভর্তির পর থেকেই প্রতি রাতে ওর জামা, জুতা ও স্কুল ব্যাগ গোছানো ওকে দেখিয়ে দিন। একটু বড় হলেই আর সাহায্য না করে একা কাজ করতে শেখাতে হবে।
 
কাজের বদলে উপহার নয়
পরিবারের কাজে সাহায্য করা সবার দায়িত্ব। কিন্তু কোনো কাজ করার জন্য খুশি হয়ে উপহার দেয়া যাবে না। এমনকি চকলেটও নয়। কারণ কাজ করার জন্য উপহার দেয়াটা ঘুষ দেয়ার শামিল। তবে মন খুলে কাজের প্রশংসা করতে ভুলা যাবে না।
 
বিশ্বাস রাখতে হবে
বাচ্চার বয়স সাত-আট  বছর হলেই ওকে ঘরের টুকটাক কিছু কাজ করতে দিতে হবে। নির্বিঘ্নে কাজ করতে দিতে হবে। ওর মনোবল ভেঙে যায় এমন কিছু বলা যাবে না। তবে কোনোরকম দুর্ঘটনা যাতে ঘটে সে জন্যে প্রথম প্রথম কাজের সময় ওর আশপাশে থাকতে হবে।
 
ভুল থেকে শেখা
কাজ শুরুর দিকে ভুল হতেই পারে। ওর করা কাজটা হয়তো আপনাকে আবার করতে হবে। রেগে যাওয়া যাবে না। বকা দেয়া যাবে না। ধৈর্যের সঙ্গে ওর পাশে থেকে ওকে সাহায্য করতে হবে। যতদিন না পর্যন্ত নিজেই কাজটা করতে পারে ততদিন বারবার দেখিয়ে দিতে হবে।ওকে বকাঝকা করলে ও কাজের উৎসাহ হারিয়ে ফেলবে। ও যেমনই করুক তার চেষ্টার প্রশংসা করতে হবে।
 
সিদ্ধান্ত নিতে সহায়তা দেয়া
বাচ্চাকে দায়িত্ব দেয়ার সঙ্গে সঙ্গে কিছু স্বাধীনতাও দিতে দিন। ও কোন জামা পরবে ও টিফিনে কী খাবে ওকেই সিদ্ধান্ত নিতে দিতে হবে। সবসময় নিজের মতামত তার উপর চাপিয়ে দেয়া যাবে না।  এতে করে সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি বাজেট করাটাও ও শিখে যাবে।
 
ইত্তেফাক/সালেহ্