শিবগঞ্জে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার এক, পলাতক এক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় প্রধান আসামি সামিউলকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলো সোনামসজিদ বালিয়াদীঘির পূর্বপাড়ার সাবের আলীর ছেলে। এ ঘটনায় ওই এলাকার হুমায়ন আলীর ছেলে আলাল নামে আরো একজন পলাতক রয়েছে। গত বৃহস্পতিবার রাতে সোনামসজিদ বালিয়াদীঘির নিজাম উদ্দিনের স্ত্রী মুন্নি আক্তার বাদী হয়ে গোসলের সময় আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে সামাজিক মর্যাদায় হানী এবং ভয়-ভীতির মাধ্যমে চাঁদা আদায় ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ এনে দুজনের নাম উল্লেখ করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ রয়েছে, গত ৮ নভেম্বর মুন্নি আক্তারের বাথরুমে গোসলের আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে সোনামসজিদ বালিয়াদীঘি এলাকার সামিউল ও আলাল। পরে চাঁদা না দিলে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবসহ ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেন আসামিরা।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, পর্নোগ্রাফি মামলা দায়েরের পর সোনামসজিদ এলাকা থেকে রাতেই সামিউল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর একজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ তত্পর রয়েছে।