শান্তির বার্তা নিয়ে দি হেগে মাতৃভাষা দিবস

নেদারল্যান্ডের দি হেগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি আয়োজিত অনুষ্ঠানে মাতৃভাষার টানে সকল জাতি-বর্ণের মানুষ মিলেমিশে হল একাকার, সমস্বরে গাইল মাতৃভাষার জয়গান। শীতের সকালে প্রতিকূল আবহাওয়ায় তিনশত জনের ধারণক্ষমতার হলে তিল ধারনের ঠাঁই ছিলনা। শান্তি ও সাংস্কৃতিক বৈচিত্রের বার্তা নিয়ে মাতৃভাষা দিবস যেন বাংলাদেশের সীমানা পেরিয়ে সুদূর দি হেগে এসে পেল সার্বজনীনতা।
 
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল এবং ভারত, মালয়শিয়া, শ্রীলংকা ও থাইল্যান্ডের রাষ্ট্রদূত এবং অন্যান্য দূতাবাসের প্রতিনিধিবৃন্দ। নেদারল্যান্ড আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশী সংগঠন সীমানে পেরিয়ে, সোনার বাংলা ও প্রবাসী বাংলাদেশী ও স্থানীয় জনগণও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের। নেদারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বরাবরের মতোই ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তাদের সুবিধার্থেই তাই সাপ্তাহিক ছুটির দিনে এই আয়োজন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় ছাত্র-ছাত্রী, পেশাজীবি ও গণমাধ্যম ব্যক্তিবর্গ।
 
অনুষ্ঠানের প্রথমভাগে ভাষা শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর পর আলোচনা পর্বে অংশ নেন নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল, দি হেগের ডেপুটি মেয়র ও রাষ্ট্রদূতবর্গ।
 
ইত্তেফাক/উজ্জল