নতুন রূপে গ্রাহকদের হাতে এলো জনপ্রিয় নকিয়া ব্রান্ড ৩৩১০। ২০০০ সালে প্রথম প্রকাশের পর এই মডেলের মোবাইল সেট ক্রয় করেছে প্রায় ১৩ কোটি গ্রাহক।
২০০০ সালের কথা। নকিয়া বাজারে আনে তাদের টেকসই হ্যান্ডসেট নকিয়া ৩৩১০। তখন মানুষের হাতে হাতে ওটাই ঘোরাফেরা করত। তখনও মোবাইল দুনিয়ায় নেই স্মার্টফোন। কিন্তু যখন আবার ফিরছে নকিয়া ৩৩১০ তখন গোটা দুনিয়া দখল করে আছে অ্যান্ড্রয়েড, আইওএস বা উইন্ডোজ ফোন।
এবার প্রশ্ন হল, এই স্মার্টফোনের যুগে গ্রাহকরা কেন কিনবে নকিয়া ৩৩১০? ব্যাকআপ হিসেবে একটি টেকসই ফোন হাতে রাখতে নাকি শুধুই নস্টালজিয়া থেকে?
না, এই সুবিধা ছাড়াও থাকছে-
ব্যাটারি: স্মার্টফোন যতই দামি হোক; তাতে ব্যাটারির সমস্যা থেকেই যায়। ক্যামেরা, টাচ স্ক্রিনের মতো ফিচার অনেকখানি ব্যাটারি লাইফ নিয়ে নেয়। এতে তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে ফোন বন্ধ হয়ে যায়। কিন্তু নকিয়া ৩৩১০-এ এসবের ঝঞ্ঝাট নেই। তাই পাওয়া যাবে স্ট্যান্ডবাই ৩১ দিনের ব্যাটারি ব্যাক-আপ। সেই সঙ্গে ফোনটিতে টানা ২২ ঘণ্টা কথা বলা যাবে।
টেকসই হ্যান্ডসেট: নকিয়ার ফিচার ফোনগুলোর মধ্যে সবথেকে টেকসই নকিয়া ৩৩১০। হাত থেকে আচমকা পড়ে গেলেও নেই চিন্তা। এমনকি, ডুবে গেলেও মাথায় হাত দিয়ে বসে যেতে হবে না। স্ক্রিন বাঁচাতে ২০০-৩০০ টাকা খরচ করে লাগাতে হবে না স্ক্রিন প্রটেক্টর।
স্নেক গেম: নকিয়া ৩৩১০-এর স্নেক গেম ছিল সেই সময়ের অন্যতম জনপ্রিয় মোবাইল গেম। বাচ্চা থেকে বুড়ো সকলেই ফোনটির পিছনে পড়ে থাকত স্নেক গেমের নেশায়। ৩৩১০-র সঙ্গে হারিয়ে গিয়েছিল এই গেমও। আবার নতুন করে এই সেটে থাকছে স্নেক গেম। তবে এবার আরও একটু উন্নত হয়ে।
রং বেরঙের রিয়ার শেল: এখন বেশিরভাগে স্মার্টফোনই ইউনিবডি হওয়ায় রিয়ার শেল রঙের বৈচিত্র্য কিছু বিশেষ হ্যান্ডসেট ছাড়া দেখা যায় না। নকিয়া ৩৩১০ আবার ফিরিয়ে আনবে সেই রঙিন রিয়ার শেল। প্রথম উন্মোচনের সময় ছ’টি রঙে পাওয়া যেত ফোনটি। এখন নতুনভাবে চকচকে হলুদ ও লাল রঙ এবং হালকা ধূসর থেকে গাঢ় নীল রঙে পাওয়া যাবে।
হ্যাং করার ঝঞ্ঝাট নেই: নকিয়া ৩৩১০ যে সময়ের ফোন সেই অ্যাপের বিষয়ে সাধারণ মানুষের ধারণা ছিল। খুব অল্প কিছু কাজই ফোনটি দিয়ে করা যেত। আর এই অল্প সংখ্যক অ্যাপ থাকার জন্য ছিল না স্টোরেজ সমস্যা, তাই হ্যাং করার চিন্তাও নেই। এই ফোনে সাধারণ কিছু ইন্টারনেট সার্ভিসের কাজ করার জন্য রয়েছে অপেরা মিনি।
নকিয়া ফোনের বিতরণকারী প্রতিষ্ঠান এইচএমডি জানায় এই বছরে সেটটি বাজারে পাওয়া যাবে ৪৯ ইউরো বা ৪১২৫ টাকায়।
ইত্তেফাক/রাফাত