ডিজিটাল সেন্টার থেকে স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য ও সেবা প্রদানের লক্ষ্যে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং কেয়ারক্ল্যুজ এটিএন মেডিকেয়ার প্রাইভেট লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং কেয়ারক্ল্যুজ এটিএন মেডিকেয়ার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায় দেশব্যাপী ৫,২৭৫টি ডিজিটাল সেন্টার থেকে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান, দেশে ও বিদেশে চিকিৎসার ক্ষেত্রে উপযুক্ত হাসপাতাল এবং ডাক্তার নির্বাচন, বিদেশে চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়াকরণ সেবা, অনলাইনে ডাক্তারের এ্যাপয়েন্টমেন্টসহ আগ্রহীদের চিকিৎসা গ্রহণে বিভিন্ন ধরনের টিকেটিং ও হোটেল বুকিং (অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক) সেবা প্রদান করা সম্ভব হবে। যা জনগণের দোড়গোড়ায় সহজেই চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে রূপকল্প ২০২১ বাস্তবায়নে ভূমিকা পালন করবে।
IMG0
ডিজিটাল সেন্টার হলো ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের ওয়ার্ডে স্থাপিত তথ্য-প্রযুক্তি নির্ভর সেবা সমৃদ্ধ একটি আধুনিক কেন্দ্র। এসব ডিজিটাল সেন্টার থেকে এ পর্যন্ত প্রায় ২৭ কোটি ৮০ লাখ সেবা প্রদান করা হয়েছে যার মধ্যে ৩০ হাজার ২০৭টি ব্যাংক একাউন্ট খোলা, ৭৮ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার টাকা ব্যাংকিং চ্যানেলে লেনদেন, ৬ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকা রেমিট্যান্স উত্তোলন সেবা প্রদান, ২ কোটি ৬৮ লাখ ২৮ হাজার টাকা পাসপোর্ট ফি প্রদান, অনলাইনে ১২০০০ টি পাসপোর্টের আবেদন সেবা প্রদান, বিদেশ গমনেচ্ছু ২০ লক্ষাধিক নারী-পুরুষ শ্রমিক ও পেশাজীবীদের অনলাইন নিবন্ধন এবং সেন্টারে বসে আবেদন করে বাড়িতে বসে ৪ লাখ ৫০ হাজার জমির পরচা লাভ ডিজিটাল সেন্টার থেকে সেবা পাওয়ার অনন্য নজির।
এখন গ্রামে থেকে জনগণ সরকারি ফরম পূরণ, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ই-মেইল-ইন্টারনেট ব্যবহার, কম্পিউটার প্রশিক্ষণসহ ১১২ ধরনের সরকারি-বেসরকারি এবং বাণিজ্যিক সেবা পাচ্ছে এসকল ডিজিটাল সেন্টার থেকে।
এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এটু্আই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, এটুআই প্রোগ্রাম ও কেয়ারক্ল্যুজ এটিএন মেডিকেয়ার প্রাইভেট লিমিটেড এর কর্মকর্তারা ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/উজ্জল