চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
চরভদ্রাসনে বৃহস্পতিবার বিকেলে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে হতে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। উপজেলার চরহরিরামপুর ইউনিয়নে ঐ কিশোরীর বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজনের খবর পেয়ে ইউএনওর নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা সেখানে গিয়ে উপস্থিত হন।
তাদের নিকট মেয়েটি কোর্টে গিয়ে বিয়ের রেজিস্ট্রি করার কথা স্বীকার গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তাকে রেজিস্ট্রির কোনো কাগজপত্র দেখাতে সক্ষম হয়নি তার পরিবার। তা ছাড়া ১৮ বছর পূর্ণ হতে এখনও দুই বছর বাকী রয়েছে তার। পরে বিকেলে ৫টার দিকে পুলিশের সহায়তায় মেয়েটি ও তার বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা তার কার্যালয়ে মেয়েটি ও তার বাবাকে জিজ্ঞাসাবাদ করেন এবং মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ঐ পরিবার কোনো প্রকারে বিবাহের আয়োজন করতে পারবে না মর্মে মেয়েটি ও তার বাবার নিকট হতে মুচলেকা আদায় করেন।
উপজেলার দুর্গম চরাঞ্চলে একটি মেয়ে বিয়ের উপযুক্ত হলে বখাটে ছেলেদের উত্পাত হতে রক্ষা পেতে অনেক সময় পরিবারের সদস্যরা কম বয়সে মেয়েদের বিয়ে দিতে বাধ্য হয় বলে ইউএনওকে জানায় মেয়েটির দাদা। এ সময় ঐ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।