পাবনা-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হতে
চান জাসদের তোফাজ্জল হোসেন
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা পাবনা- ১ (সাঁথিয়া ও বেড়া আংশিক) থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে নির্বাচন করতে চান জাসদের কেন্দ্রীয় যুব পরিষদের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন। উপজেলার বিষ্ণুপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন ছাত্র জীবন থেকে জাসদ (রব) দলের সঙ্গে সম্পৃক্ত। ঢাকা মহানগরের ছাত্র সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জ্বল ঢাকা ওয়াল্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ শেষ করে বর্তমানে যমুনা গ্রুপে কর্মরত আছেন। গত ১৬ নভেম্বর তোফাজ্জ্বল হোসেন পাবনা-১ আসনের জন্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং ওই দিনই দলীয় অফিসে জমা দেন। তিনি সাংবাদিকদের জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট তাকে মনোনয়ন দিলে বিজয়ী হয়ে অবহেলিত সাঁথিয়া-বেড়াবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করবেন। তোফাজ্জল হোসেন আরও বলেন, তিনি এমপি হলে তার নির্বাচনী এলাকাকে অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তুলবেন।
সোনাতলায় আনসার ও ভিডিপি
সমাবেশ অনুষ্ঠিত
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলায় আনসার ও ভিডিপি দপ্তরের আয়োজনে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আনসার ও ভিডিপি’র সার্কেল এ্যাডজুটেন্ড মুহাম্মদ আছাদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম প্রধান অতিথির বক্তব্য দেন । এ সময় আরো বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজার রহমান, মত্স্য কর্মকর্তা এমদাদুল হক, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রুবেল রানা, আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভার.) নাছিমুল ফেরদৌস,গাবতলি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভার.) তাজিনুর ইসলাম, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু ও দিগদাইড় ইউনিয়ন আনসার ভিডিপির দলনেতা বাদশা মিয়া প্রমুখ। সমাবেশ উপস্থাপনা করেন সোহাগ মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নৌকার মনোনয়ন
প্রত্যাশী অধ্যাপক নূরুন্নাহার বেগম
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক তুখোড় ছাত্রনেত্রী, নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অধ্যাপক নূরুন্নাহার বেগম। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান তিনি। তিনি একজন দক্ষ সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে তৃণমূলে গণসংযোগ, কর্মী সমাবেশ, মতবিনিময় সভা, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন তথ্য ও বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রচারপত্র বিলি করে ভোট প্রার্থনা করেছেন। জনপ্রিয় এ নেত্রী এলাকার সর্বস্তরের নারী-পুরুষের সাথে হূদ্যতাপূর্ণ সম্পর্কের কারণে তাদের ভালবাসায় সিক্ত হয়েছেন। নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক নূরুন্নাহার বেগম ইত্তেফাককে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় শান্তি ও উন্নয়নের ধারাকে বুকে লালন করে রাজনীতি করি। এ ছাড়া সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সমাজের সুবিধাবঞ্চিত নারীদের ভাগ্যউন্নয়ন ও তাদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেতা কমীদের নিয়ে রাজনীতি করছি। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় বিশ্বের বুকে সগর্বে মাথা উচুঁ দাঁড়িয়েছে লাল সবুজের বাংলাদেশ। তাইতো নির্বাচন যতই ঘনিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের ভোটাররা বলেছেন, নৌকা যার আমরা তার।
ত্রিশাল উপজেলা শিক্ষা কর্মকর্তার ব্যতিক্রমধর্মী উদ্যোগ
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ঝরে পড়া শিক্ষার্থীদের শতভাগ স্কুলগামী করতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা শিক্ষা অফিস। আর নেপথ্যের কারিগর উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ। যার একক চেষ্টায় মানসম্মত পাঠদান নিশ্চিতে নেয়া হচ্ছে একের পর এক উদ্যোগ। মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে পাঠদান থেকে শুরু করে, স্কুলের পরিবেশ সুন্দরেও কাজ করছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার প্রতিটি স্কুলকে করছেন আকর্ষণীয়। শিশুবান্ধন করতে স্কুলকে রাঙিয়ে তুলছেন লাল সবুজের রঙে। নজর কাড়তে দেয়ালে এঁকেছেন নানা ধরনের ছবি। উপজেলার সবগুলো প্রাথমিক বিদ্যালয়কেই সাজানো হচ্ছে লাল সবুজে রাঙানো স্কুলের দেয়াল। লিখা আছে, বর্ণমালার অক্ষর, বিভিন্ন মনিষীর বাণী, শোভা পাচ্ছে ফুল-ফল আর জাতীয় পাখির ছবিও। যা দেখে সহজেই আকৃষ্ট হচ্ছেন কোমলমতি শিশুরা। পাঠদানে শিশুদের মনোযোগী করতে মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবহার হয়ে আসছে আগে থেকেই। এর সাথে যোগ হয়েছে স্কুলের সৌন্দর্য্য। যা দেখে স্কুলে আসায় উত্সাহিত হচ্ছে শিক্ষার্থীরা। এলাকাটিতে শিল্প-কারখানা বেশি থাকায়, শিশুশ্রম বেশি। তাই বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা। এমন বাস্তবতায় তাদের স্কুলমুখি করতেই এ উদ্যোগের কথা জানান কর্মকর্তারা।
ময়মনসিংহ প্রেসক্লাবে নির্বাচনী রিপোর্টিং বিষয়ক কর্মশালা
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ প্রেসক্লাবে নির্বাচনী রিপোর্টিং বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ময়মনসিংহ প্রেসক্লাব আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলা প্রশাসক ও ক্লাব সভাপতি ড. সুভাষ চন্দ্র বিশ্বাস সভাপতিত্ব করেন। প্রশিক্ষণ কমিটির আহবায়ক বাবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সেক্রেটারি শেখ মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি নওয়াব আলী ও রেবেকা ইয়াসমীন। কর্মশালায় নির্বাচন, আচরণবিধি, ইভিএম পদ্ধতির প্রয়োগ নিয়ে আলোচনা করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তুফা, প্রচলিত আইন ও নির্বাচন বিষয়ে আলোকপাত করেন অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, নির্বাচন ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক আলোচনায় অংশ নেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুণ ও নির্বাচনী রিপোর্টিং বিষয়ক আলোচনায় অংশ নেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আলী আল রাজী। প্রেসক্লাব সভাপতি ও জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, আগামী নির্বাচনে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার পাশাপাশি আসন্ন নির্বাচনে ওয়াচ ডগের ভূমিকায় থাকতে হবে।
হোমনা উপজেলা যুবলীগের
বর্ধিত সভা
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হোমনা উপজেলা যুবলীগের বর্ধিত সভা শুক্রবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম টিপুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা মো. খোরশেদ আলম, জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম কিশোর, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি যুবলীগ নেতা বাবুল মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান বকুল ও মোবারক হোসেন, যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন ও সাগর প্রমুুখ।
ইউএনও’র সঙ্গে পাইকগাছা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সঙ্গে বৃহস্পতিবার সকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় করেন পাইকগাছা প্রেসক্লাব নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি এফ এম এ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, এস এম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, আলাউদ্দীন রাজা, প্রমথ রঞ্জন সানা, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক বুলি ও ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান।
নেত্রকোনা-২ আসনে কর্নেল (অব.) নূর
খানকে মনোনয়নের দাবিতে মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা-২ (নেত্রকোনা- বারহাট্টা) আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) নূর খানকে মনোনয়ন দেওয়ার দাবিতে গতকাল শুক্রবার বিকালে নেত্রকোনা পৌর সভা অফিস সড়কে অকস্মাত্ বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে আওয়ামী লীগ নেতা-কর্মী ছাড়াও নেত্রকোনা ও বারহাট্টা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। সেখানে নূর খানকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিকট দাবি জানানো হয়।
০