প্রত্যেক সংস্কৃতিতে বিবাহ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপিত হয়। সাংস্কৃতিক ভিন্নতায় উদযাপনটাও হয় ভিন্ন। রিডার্স ডাইজেস্ট অবলম্বনে পাঁচটি সংস্কৃতির বিবাহ অনুষ্ঠানের সংস্কৃতি তুলে ধরা হল।
IMG0
পাকিস্তান: মুসলিম প্রধান দেশে বেশ কয়েকটি ধাপে জাঁকজমক আয়োজনের মধ্যে দিয়ে বিবাহ উদযাপন করা হয়। রঙ্গিন বিয়ে উৎসব শুরু হয় নিকাহ বা বিবাহ দলিলে স্বাক্ষরের মধ্য দিয়ে। এরপর হয় মুহ দিখাই বা (কনের মুখ প্রদর্শন)। ঘোমটা দিয়ে সম্পূর্ণ মুখঢাকা কনে বরের সামনে হাজির হয়। আনুষ্ঠানিকভাবে বর কনের ঘোমটা উন্মোচন করে। এরপর হয় মেহেন্দি আয়োজন যেখানে বর-কনের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবরা তাদের মেহেদিতে রাঙ্গায়। ধারাবাহিকতায় আসে বারাত বা বরযাত্রা এবং সবার শেষে ওয়ালিমার মাধ্যমে বিবাহ অনুষ্ঠানের সমাপ্তি হয়।
IMG1
থাইল্যান্ড: বৌদ্ধ সংস্কৃতি অনুসারে থাইল্যান্ডের বিবাহ অনুষ্ঠানে বর ও কনের পূর্বপুরুষকে সম্মান জানানো হয় এবং বিবাহ বন্ধনকে পবিত্র করা হয়। বিবাহ আয়োজনের সময় বর ও কনে একজন আরেকজনের প্রতি প্রার্থনার ভঙ্গিতে হাঁটু ভেঙে বসে। একজন বয়স্ক ও বিশ্বস্ত আত্মীয় বর ও কনের মাথায় মং কল নামের একটি হেডপিস পরিয়ে দেন। পুরো অনুষ্ঠানে বর ও কনে সেটি পরিধান করে থাকে।
IMG2
কিউবা: সমাজতান্ত্রিক দেশ কিউবার বিবাহ উৎসবগুলোতে ধর্মের ছোঁয়া নেই বরং সেটা একটি নাগরিক উৎসব। তবে সেখানে বিবাহ অনুষ্ঠানে মজার একটি বিষয় হচ্ছে ‘মানি ড্যান্স’। বিবাহর সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে যদি কেউ কনের সঙ্গে নাচতে চায় তাহলে কনের পোশাকে টাকা গেঁথে দিতে হবে। গ্রিস, পোল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে এই সংস্কৃতি বেশ জনপ্রিয়।
IMG3
বালি: ইন্দোনেশিয়ার বালি দ্বীপের বিবাহকে বলা হয় পাওয়িওয়াহান। এই উৎসবের মাধ্যমে বস্তু ও বিমূর্ত জগতের মধ্যে ভারসাম্য তৈরি হয় বলে বালি দ্বীপের বাসিন্দারা। এই পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে বর ও কনে স্রষ্টা, পাতালের জীব ও সম্প্রদায়ের সামনে একসঙ্গে থাকার শপথ গ্রহণ করে। বর ও কনেকে বিশুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে মন ও শরীরের নেতিবাচক চিন্তা ও শক্তি বের করে দেয়া হয়।
IMG4
ফ্রান্স: আমুদে ফরাসিদের বিবাহ উৎসবকে ব্যাখ্যা করতে যে বাগধারা ব্যবহৃত হয় সেটি হচ্ছে সারা রাত নেচে পার করা। বিরতিহীন নৃত্যের এমনও উদাহরণ আছে যে কাজে যাওয়ার সময়ের আগ পর্যন্ত আমন্ত্রিত অতিথিরা নৃত্য করতে থাকে। ঐতিহ্যবাহী শ্যাম্পেন ও ডিজে মিউজিকের তালে নৃত্যাঅনুষ্ঠানের আগে বিবাহর আইনসম্মত করার আনুষ্ঠানিকতাটা অবশ্য আগে সারতে হয়। কখনো একই দিনে এই দুই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আবার কখনো আনুষ্ঠানিকতা সেরে সাত ঘণ্টা অবিরাম নৃত্যের অনুষ্ঠানটি সাপ্তাহিক ছুটির দিনে করা হয়।