যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে ব্যাপক তুষারঝড়

ব্যাপক তুষার ঝড় ‘স্টেলার’ কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্য। এ কারণে নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদফতর। পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, বোস্টন, ফিলাডেলফিয়া, মেইন ও কানেকটিকাটেও।
 
ঘণ্টায় একশ কিলোমিটার বেগে বয়ে চলা স্টেলার প্রভাবে মঙ্গলবার এসব অঙ্গরাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ছয় হাজার ৫শ’র বেশি ফ্লাইট। বরফের চাদরে ঢাকা পড়েছে পুরো নিউইয়র্ক।  জরুরি অবস্থা ঘোষণার পর নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুর্নো বলেন, আবহাওয়ার এই পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থায় স্বাভাবিকভাবেই বিঘ্ন ঘটবে। আমি সবাইকে এই সময় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার অনুরোধ করেন তিনি। নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টিও জরুরি অবস্থা জারি করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাড়িতে অবস্থান করতে নির্দেশ দিয়েছেন।
 
IMG0
 
এদিকে খারাপ আবহাওয়ার কারণে জামার্নির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ওয়াশিংটন সফর স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল। তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্র সফররত আইরিশ প্রধানমন্ত্রী এন্ডা কেনিও বোস্টন ও ওয়াশিংটন সফর সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছেন। বিবিসি।