সাতচল্লিশের দেশভাগের সময় বা পরবর্তীকালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় যারা ভারত ছেড়ে তখনকার পূর্ব বা পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিলেন ভারতে থেকে যাওয়া তাদের বৈধ উত্তরাধিকারীদেরও তাদের রেখে যাওয়া সম্পত্তিতে আর কোনো অধিকার থাকবে না। ভারতের পার্লামেন্ট মঙ্গলবার সে দেশের ‘শত্রু সম্পত্তি আইনে’ যে সংশোধনী পাস করেছে, তার সুবাদে সরকার এখন থেকে সেই সব সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার পাবে।
এই সংশোধনী নিয়ে বিতর্কের সময় পার্লামেন্টে একাধিক বিরোধী দল অভিযোগ করেছিল এটি একটি মুসলিম-বিরোধী পদক্ষেপ, কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে।
ষাটের দশকে চীন ও পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ লড়ার পর ভারত ১৯৬৮তে শত্রু সম্পত্তি আইন পাস করেছিল- যাতে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হল ৪৯ বছর বাদে। এই সংশোধনী অনুসারে, যারা তখন ভারত ছেড়ে পাকিস্তান বা চীনে চলে গিয়েছিলেন তারা মারা যাওয়ার পরও ভারতে থেকে যাওয়া তাদের ওয়ারিশরা তাদের সম্পত্তি আর কখনোই ফিরে পাবেন না - শত্রু সম্পত্তি হিসেবে সরকার তা জব্দ করতে পারবে।
এই আইন প্রযোজ্য হবে তখনকার পশ্চিম ও পূর্ব পাকিস্তান, যা অধুনা বাংলাদেশ এবং চীনে পাড়ি দেওয়া ব্যক্তিদের সবার জন্যই। খবর বিবিসি'র।