প্যারিস যাচ্ছেন প্রিন্স উইলিয়াম ও কেট

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন শুক্রবার সরকারি সফরে ফ্রান্সের রাজধানী প্যারিস যাচ্ছেন। উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা এই প্যারিসেই মর্মান্তিক এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান। আর কয়েকমাসের মধ্যে ডায়ানার মৃত্যুর ২০ বছর পূর্ণ হতে যাচ্ছে। 
 
সফরকালে প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে দেখা করবেন এবং তার সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিবেন। এছাড়া ব্রিটিশ দূতাবাসে একটি ব্ল্যাক টাই ডিনারেও অংশ নেবেন ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ। 
 
ব্রিটেন যখন ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে যাবার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে ঠিক সেই মুহূর্তে দু’দেশের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার লক্ষ্যে সফরের এই উদ্যোগ নেয়া হয়েছে।
 
শনিবার ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে ব্রিটিশ এই রাজ দম্পতি ছয় জাতির রাগবি টুর্নামেন্টে ফ্রান্স ও ওয়েলেসের মধ্যকার ম্যাচটি উপভোগ করবেন।
 
দাদী রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর ৩৪ বছর বয়সী প্রিন্স উইলিয়াম প্রথম বারের মতো ওয়েলশ রাগবি ইউনিয়নের খেলা উপভোগ করতে যাচ্ছেন।
 
তবে এই রাজ দম্পতি তাদের সন্তানদের ছাড়াই সফর করছেন। যদিও তাদের তিন বছর বয়সী জর্জ ও এক বছর বয়সী শার্লট নামের দুটি সন্তান রয়েছে। এএফপি।