বাংলাদেশ দূতাবাস, এথেন্সে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাসে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের জন্য বিশেষ মোনাজাত এবং ১ মিনিট নীরবতা পালন করা হয়। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। এরপর ৭১ এর বর্বর গণহত্যার ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। গণহত্যা দিবসের উপর বিশেষ আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিগণ ১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে পাকিস্তানী বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে এই দিনকে গণহত্যা দিবস ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানান।
গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিন গণহত্যা দিবসে প্রবাসীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একযোগে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহবান জানান। তিনি স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার মাধ্যমে ৩০ লক্ষ শহীদের ঋণ পরিশোধেরও অনুরোধ জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন বিভাগ ও জেলার আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু