কানাডার অন্টারিও সরকার মার্চকে 'বাংলাদেশ হেরিটেজ মাস' হিসেবে ঘোষণা দিয়েছেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অন্টারিওর প্রিমিয়ার ক্যাথলিন উইন আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এ জন্য টরন্টোস্থ কুইন্স পার্কের প্রাদেশিক পার্লামেন্ট ভবনে আগামী ২৭ মার্চ বিকেল ৪টা ১৫ মিনিটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্পিকার, মন্ত্রী, এমপি, এমপিপি, বিরোধী দলের নেতা এবং গণ্যমান্য বাংলাদেশীরা অংশ নেবেন।
ইতোপূর্বে এক শুভেচ্ছা বার্তায় অন্টারিওর প্রিমিয়ার ক্যাথলিন উইন বলেন, বাংলাদেশি কমিউনিটির জন্য মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। বাংলাদেশ হেরিটেজ মান্থ অ্যাক্ট ২০১৬ এর মাধ্যমে মার্চ মাসকে বাংলাদেশ হেরিটেজ মাস ঘোষণার মাধ্যমে আমরা অন্টারিওর বর্তমান ও আগামী প্রজন্মের সামনে বাংলাদেশের অত্যন্ত সমৃদ্ধ এবং ঋদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা ও উদযাপনের সুযোগ তৈরি করে দিয়েছি।
অপর দিকে গত ফেব্রুয়ারি মাসে বাংলাকে টরেন্টো সিটির আরো ১০টি ভাষার মতো দাপ্তরিক ভাষা ঘোষণা দেয়ার কাজ করছেন বিচেস-ইস্ট ইয়র্ক-এর ৩১ নম্বর ওয়ার্ডের সিটি কাউন্সিলর জ্যানেট ডেভিস।
এদিকে কানাডার বিভিন্ন শহরে ছুটির দিনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এছাড়াও ২৫শে মার্চ ভয়াল কালোয়াত স্মরণে কানাডায় এই প্রথম গণহত্যা দিবস পালিত হলো রাজধানী অটোয়ায়। বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এই গণহত্যা দিবস পালন অনুষ্ঠানে প্রদর্শিত হয় 'Genocide in 1971 and The Killing Fields' শীর্ষক প্রামাণ্য চিত্র।