জাতিসংঘের প্রতি ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার দাবি

১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যাকে চিহ্নিত করতে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। শনিবার গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ কথা বলেন।
 
ওয়াশিংটন চ্যান্সারির বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত বলেন, তৎকালীন পাকিস্তানি সেনা শাসকদের পরিচালিত গণহত্যায় ৩০ লক্ষ মানুষ প্রাণ হারান, ৫ লক্ষাধিক নারী হারান সম্ভ্রম। বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর পরিচালিত গণহত্যা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম হত্যাকাণ্ডগুলোর  মধ্যে অন্যতম। অনুষ্ঠানে গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। 
 
রাষ্ট্রদূত যোগ করেন, দ্য সানডে টাইমসের সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের করা প্রতিবেদনে ১৯৭১ সালের ১৩ জুন উঠে আসে পাকিস্তানের গণহত্যার বিবরণ যেটি বিশে^ পাকিস্তানের বিরুদ্ধে মতামত গড়ে ওঠে। এরপর ২ আগস্ট টাইম ম্যাগাজিন নিজস্ব প্রতিবেদক পাঠায় যার প্রতিবেদনে একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, এটি পোল্যান্ডে নাৎসিদের পরিচালিত গণহত্যার পরে সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকান্ড। এছাড়া ঢাকায় মার্কিন কূটনীতিবিদ আর্চার কে ব্লাড তার প্রতিবেদনে উল্লেখ করেন, পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় অবাঙ্গালি মুসলিমরা নিয়মতান্ত্রিকভাবে গরিব মানুষদের বাড়িতে হামলা করছে এবং বাঙ্গালি ও হিন্দুদের হত্যা করছে।
 
এই ঘটনার অবশ্যই আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজন এইজন্য আমি জাতিসংঘের প্রতি ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের আহ্বান জানাচ্ছি।
 
ইত্তেফাক/সাব্বির