‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পেছনের কথা’ গ্রন্থের পাঠ উন্মোচন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এবং সজ্ঞীতজ্ঞ রঙ্গলাল দেব চৌধুরীর রচিত ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পেছনের কথা’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে গত ২৫ মার্চ শনিবার সন্ধ্যায়। বইটি সম্পর্কে বক্তারা বলেন, এই ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পেছনের কথা’ একটি ঐতিহাসিক দলিল। যাতে রয়েছে অনেক অজানা তথ্য।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. রাখাল সরকার। তিনি বলেন, বাংলার ইতিহাসের সাথে সম্পৃক্ত ব্যক্তি যাঁরা এখন বয়সের ভারে লিখতে অসমর্থ, তাঁদের বিভিন্ন স্মৃতিকথা বই আকারে সংরক্ষণের প্রয়োজন, সেই সাথে তা ইংরেজি ভাষায় অনুবাদেরও উদ্যোগ নিলে, কানাডায় বেড়ে ওঠা এই প্রজন্মের বাঙালি ছেলেমেয়েরা পড়তে পারে এবং আমাদের ইতিহাস ঐতিহ্য জানতে পারে।
 
পাঠ উন্মোচন অনুষ্ঠানের শুরুতে লেখকের গলায় উত্তরীয় পরিয়ে দেন বিএলআরসি-র নির্বাহী পরিচালক সুব্রত কুমার দাস। অনুষ্ঠানে গ্রন্থের ওপর আলোচনা করেন স্থানীয় বিশিষ্ট জন। আবৃত্তিতে অংশ নেন শেখর ই গোমেজ, সুমন মালিক ও সুব্রত পুরু। সংগীত পরিবেশন করেন মামুনূর রশীদ, মুক্তি প্রসাদ এবং কাবেরী দত্ত। উন্মোচিত গ্রন্থ থেকে পাঠ করেন শিউলী জাহান। ড্যানফোর্থের মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে বিশিষ্ট বেঙ্গলি লিটারারি রিসোর্স সেন্টার (বিএলআরসি) আয়োজিত এই পাঠ উন্মোচন অনুষ্ঠানটি পরিচালনা করেন চয়ন দাস।
 
গ্রন্থটি প্রকাশের জন্য বিএলআরসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান লেখক রঙ্গলাল দেব চৌধুরী।