নয়াদিল্লির বাংলাদেশ হাউজে স্বাধীনতা দিবস অভ্যর্থনা

ভারতের রাজধানী নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপনের কূটনৈতিক অভ্যর্থনা। সোমবার নয়াদিল্লির বাংলাদেশ হাউজে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী  জেনারেল (অব) ভিকে সিং।
 
হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি জেনারেল সিংকে অনুষ্ঠানে স্বাগত জানান। সুসজ্জিত মঞ্চে হাইকমিশনার ও জেনারেল সিং উপবিষ্ট থাকার সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ব্যান্ড জাতীয় সংগীত বাজায়। বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনে হাইকমিশনার ও তার স্ত্রী তুহফা জামান আলির সঙ্গে কেক কাটার অনুষ্ঠানেও যোগ দেন জেনারেল সিং।
 
আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন ভারতীয় পার্লামেন্টের সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিবিদ, মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় সেনা,  শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সাংবাদিক ও দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস বাংলাদেশের স্বাধীনতা দিবসে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। প্রকাশনায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি জোর দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/সাব্বির