স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাংককে চিত্রকলা প্রদর্শনী

 
থাইল্যান্ডের ডিজিটাল ইকোনোমি ও সোসাইটি মন্ত্রী ড. পিচেট ডুরাংকাভেরাজ ব্যাংককের একটি অভিজাত হোটেলে মঙ্গলবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেছেন।
 
বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক কর্তৃক আয়োজিত দু'দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত এই চিত্রকলা প্রদর্শনীতে বাংলাদেশের বরেণ্য চার নারী চিত্রশিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ফ্যাকাল্টির ড্রয়িং ও পেইনটিং-এর চেয়ারম্যান প্রফেসর ফরিদা জামান, স্বনামধন্য থিয়েটার কর্মী বিপাশা হায়াত, এবং মিস লায়লা শারমীন ও মিস ফারজানা রিপার আঁকা চিত্রকর্মসমূহ প্রদর্শিত হয়।
 
'কনভারসেশন উইথ ফ্রিডম' শীর্ষক এ চিত্রকলা প্রদর্শনীটি বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের স্বাধীনতার মাস মার্চ, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম দিবসের মাস ও আন্তর্জাতিক নারী দিবসের মাস, এই তিনটি আদর্শের সমন্বিত প্রতীক হিসেবে আয়োজন করে। ভিন্নধর্মী এই চিত্রকলা প্রদর্শনীতে থাই চিত্রকলামোদীদের ভিড় উপচে পড়ে যাতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, থাই জনগণ ও আর্টমোদীদের উপস্থিতি ছিল।
 
প্রদর্শনীটিতে রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম, মিডিয়া ব্যক্তিত্ব জনাব ফরিদুর রেজা সাগর ও বরেণ্য থিয়েটার অভিনেতা জনাব রামেন্দু মজুমদার উপস্থিত ছিলেন।