সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈরিবাড়ি এলাকায় মোন্তাহা স্টিল মিল নামের একটি রড তৈরির কারখানায় রড তৈরির জন্য লোহা গল?ানোর সময় গলিত লোহা গায়ে পড়ে ১২ শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। সোনারগাঁ থানার ওসি তদন্ত সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দগ্ধরা হলেন, রূপক, সুজন, রানা, আরিফ, সজিব, গোপাল মণ্ডল, সালাউদ্দিন, কবির, জাফর, মানিক, শাকিল ও মাসুদ।
মোন্তাহা স্টিল মিলের জেনারেল হেলপার আবু রায়হান বলেন, বৈরিবাড়ি এলাকায় মিলটি অবস্থিত। সকালে রড তৈরির জন্য মালামাল গলানোর কাজ করছিলেন শ্রমিকরা। এসময় গলিত লোহা গায়ে পড়ে ওই ১২ শ্রমিক দগ্ধ হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটের জরুরি বিভাগের সূত্রে জানা যায়, দগ্ধদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিত্সকরা তাদের চিকিত্সা দিচ্ছেন। তাদের শরীরের শতকরা কতভাগ দগ্ধ হয়েছে এখনো নির্ধারণ করা যায়নি। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) সেলিম মিয়া জানান, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে।