শ্রেণিকক্ষে বহিরাগতদের হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৫

বগুড়ার ধুনট উপজেলার একটি বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় তিন শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন।  
 
রবিবার বেলা ১১টার দিকে ধুনট উপজেলার খাটিয়ামারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে খাটিয়ামারি ধ্রুবতারা কোচিং সেন্টারের উদ্যেগে খাটিয়ামারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে গান শোনাকে কেন্দ্র করে খাটিয়ামরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত দর্শকের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
 
রবিবার সকালের দিকে খাটিয়ামারি গ্রামের শাহাদৎ, হাবিব, মজিদ ও ফারুকসহ ৬-৭ যুবক মথুরাপুর বাজার থেকে কাশিয়াহাটা গ্রাম দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে অপ্রতীতিকার ঘটনার জের ধরে কাশিয়াহাটা গ্রামের শিক্ষার্থীরা খাটিয়ামারি গ্রামের ওই যুবকদের লাঞ্চিত করে। এতে ক্ষুব্ধ হয়ে খাটিয়ামারি গ্রামের শাহাদৎ হোসেনের নেতৃত্বে ২০-২২ জন বহিরাগত যুবক খাটিয়ামারি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হামলা চালায়। বহিরাগতদের হামলায় খটিয়ামারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাশিয়াহাটা গ্রামের মোস্তাফিজার রহমান, আল আমিন, আব্দুল হাই এবং ৭ম শ্রেণির শিক্ষার্থী জিয়ারুল, পলাশ, ৯ম শ্রেণির রিপন, আকিরুল, রাব্বি, ১০ শ্রেণির মিঠু, ইয়াছিন, হৃদয়, আব্দুল করিম ও রেজয়ানসহ কমপক্ষে ১৫ জন আহত হন। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
 
খাটিয়ামারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, এ বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা চলেছে। সমঝোতা না হলে আইনের আশ্রয় নেয়া হবে।
 
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাটি অবগত করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।