মৌলভীবাজারের নাসিরপুরে নিহত জঙ্গি লোকমানসহ ৭ জনের লাশ নিতে তার শ্বশুর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিক এখন মৌলভীবাজার সদর থানায় অবস্থান করছেন।
নিহত জঙ্গি লোকমান আলী ২০০৮ সালে শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার আসামি। এ মামলার তদন্ত কর্মকর্তা লোকমানসহ ২২ জনের নামে একটি অভিযোগপত্র আদালতে দাখিল করেছেন। মামলাটি আদালতে এখনও বিচারাধীন রয়েছে।
এদিকে নিহত জঙ্গি লোকমানের শ্বশুর আবু বক্কর সিদ্দিক, ছোট জামাই ও শিংড়া ইউনিয়নের ইউপি সদস্য মোফাজ্জল হোসেনকে নিয়ে সোমবার ভোরে মৌলভীবাজার পৌঁছেছেন। দুপুর ১২ টা পর্যন্ত আবু বক্কর সিদ্দিকের সঙ্গে মোবাইলফোনে তার এক নিকটতম আত্মীয় যোগাযোগ করেছেন। তখন তারা মৌলভীবাজার সদর থানায় অবস্থান করছিলেন। দুপুর ১২ টার পর থেকে তার ফোনের সুইচ বন্ধ এবং ইউপি সদস্য মো. মোফাজ্জল হোসেন অজ্ঞাত কারণে তার ফোন ডাইভার্ট করে রেখেছেন। ফলে ২টার পর থেকে তাদের সঙ্গে কোন যোগাযোগ করা কারও সম্ভব হচ্ছে না।