গাজীপুরের কালীগঞ্জে প্রায় সহস্রাধীক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার দিনব্যাপী অভিযান শেষে সন্ধ্যায় এ তথ্য জানান তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব। কালীগঞ্জ পৌর এলাকার দড়িসোম, মুনশুরপুর ও বালীগাঁও গ্রামে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জানা গেছে, পঞ্চমধাপে সোমবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার ৫টি পয়েন্টে অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ওই এলাকার দড়িসোম, মুনশুরপুর ও বালীগাঁও গ্রামে সাড়ে ৩ কিলোমিটার এলাকার প্রায় সহস্রাধীক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ সময় প্রায় ৬০টি রাইজারসহ দেড়শত ফুট পাইপ জব্দ করা হয়।
ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের এটি একটি চলমান প্রক্রিয়া। অবৈধ গ্যাস সংযোগ থাকা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।