কাহারোলে গম কাঁটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক

 
কাহারোলে গম কাঁটা মাড়ায়ের কাজ নিয়ে কৃষকেরা এখন ব্যস্ত সময় অতিবাহিত করছেন। তবে ব্যস্ততার মধ্যে হতাশায়ও ভুগতে হচ্ছে তাদের। নতুন গম বাজারে উঠলেও আশানুরূপ মূল্য না পাওয়ায় অনেকে দুঃশ্চিন্তায়ও পড়েছেন।
 
উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারগুলোতে এখন প্রচুর পরিমাণে গম বিক্রি করতে দেখা যাচ্ছে। উপজেলার রসুলপুর ইউনিয়নের তরলা গ্রামের কৃষক মো. লেহাজ উদ্দীন ও আক্তার হোসেন জানিয়েছেন, গম পাকার পর ৫ দিন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ায় ক্ষেতের গম মাটিতে বিছিয়ে পড়ার কারণে গমের চরম ক্ষতি হয়েছে। এর ফলে আমরা কৃষকরা চলতি মৌসুমে গম কাঁটা ও মাড়াই করতে গিয়ে দিনমজুরকে দিতে হচ্ছে দ্বিগুণ অর্থ। এরপর তো রয়েছে মেশিন ভাড়া খরচাদি। সবমিলিয়ে এবার গম চাষে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কায় রয়েছেন গম চাষীরা। অত্র উপজেলার হাট-বাজার গুলোতে প্রতিকেজি গম ১৬/১৭ টাকা কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষকেরা।
 

অনেক কৃষক জানান, অতি দ্রুত সরকারিভাবে গম ক্রয় শুরু করা না হলে গম চাষীরা গমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে এবং গম চাষবাদ ছেড়ে দিয়ে অন্য ফসল উত্পাদনের দিকে ঝুকে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি গম মৌসুমে কাহারোল উপজেলায় ৬টি ইউনিয়নের ৫ হাজার ১৫০ হেক্টর জমিতে গম চাষাবাদ করা হয়েছে।