গম দুর্নীতির অভিযোগে নাটোরের সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদাত হোসেনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাকে আটক দেখানো হয়েছে। বর্তমানে তিনি সদর থানা হেফাজতে রয়েছেন। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, গুদাম থেকে সরকার নির্ধারিত মিল মালিকদের কাছে গম সরবরাহ করার নির্দেশ রয়েছে। কিন্তু সেই নির্দেশ না মেনে নির্ধারিত সময়ের পর গত সোমবার রাতে গুদাম থেকে ১০টন গম অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামাণিক। এরই প্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আরিফ মোহম্মদের নেতৃত্বে গুদামে অভিযান চালানো হয়। অভিযানে গুদামের গেট থেকে ১০টন গম জব্দ করা হয়। পরে কাগজ পত্র পরীক্ষা করে মঙ্গলবার দুপুরে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদাত হোসেনকে আটক করা হয়।