৪ এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে মঙ্গলবার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় হবিগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্টিত হয়। ৭১’এর ৩নং সেক্টর কার্যালয় ও স্মৃতিসৌধ প্রাঙ্গণে অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান (বীর বিক্রম)।
হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সেনা বাহিনী প্রধান সেক্টার কমান্ডার ফোরামের সভাপতি মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ (বীর উত্তম) । বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, ৫৫ বিজিবি কমান্ডার লে. কর্নেল সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার হায়েতুননবী, গাজীপুরের সাবেক এমপি মোজাম্মেল হক। অন্যানের মধ্যে নরসিংদী জেলা মুক্তিযোদ্দা কমান্ডার আব্দুল মোতালেব পাঠান, ঢাকা মহানগর কমান্ডার আমির হোসেন মোল্লা, ব্রাহ্মণবাড়ীয়া জেলা কমান্ডার হারুনুর রশিদ, কিশোরগঞ্জ জেলা কমান্ডার আসাদ উল্লাহ, সুনামগঞ্জ জেলা কমান্ডার নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, সুকোমল রায়, মাধবপুর কমান্ডার নুরুল ইসলাম, লেখক সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বিভিন্ন জেলা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। IMG0
সমাবেশে প্রধান অতিথি ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়ার ঐতিহাসিক বৈঠকে মাতৃভূমিকে স্বাধীন করতে জেনারেল এম এ জি ওসমানীর নেতৃত্বে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের কথা উল্লেখ করে তার রণ কৌশল ও যুদ্ধকালীন বিভিন্ন ঘটনার বর্ণনা করেন। সভায় বক্তারা দীর্ঘ দিনেও তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধের স্মৃতি সংরক্ষণে কোন কার্যক্রম গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন।