বড়হাটে নিহত জঙ্গির লাশ নিতে মায়ের অস্বীকৃতি

 
মৌলভীবাজার পৌর শহরের বড়হাটে জঙ্গি আস্তানায় 'অপারেশন ম্যাক্সিমাস'-এ নিহত তিন জঙ্গির মধ্যে আশরাফুল আলম নাজিমের লাশ শনাক্ত করেছেন মা মনোয়ারা বেগম। কিন্তু এ লাশ নিতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন।
 
মঙ্গলবার দুপুর ১২টায় মনোয়ারা বেগম মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পুত্র নাজিমের লাশ শনাক্ত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোতাহার হোসেন ও মোতাহার হোসেনের স্ত্রী পান্না বেগম। তারা মঙ্গলবার সকালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কুমারঘড়িয়া থেকে মৌলভীবাজার সদর ২৫০শয্যা হাসপাতালের মর্গে আসেন।
 
জেলা পুলিশ কার্যালয়ে দুপুর সাড়ে ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এবিষয়টি গণমাধ্যমকে জানান পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, মনোয়ারা বেগমের ছেলে দেশদ্রোহী ঘৃণিত কাজের সঙ্গে জড়িত থাকায় তিনি তার লাশ গ্রহণ করবেন না বলে জানান। পরিবারের সদস্যরা জঙ্গি নাজিমের লাশ গ্রহণ না করায় তা মৌলভীবাজার পৌরসভার কাছে দাফনের জন্য হস্তান্তর করা হবে।