তিতাস গ্যাসের দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের কালীগঞ্জে তিতাস গ্যাসের প্রায় দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। 
 
বুধবার দিনব্যাপী অভিযান শেষে সন্ধ্যায় এ তথ্য জানান তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব। কালীগঞ্জ উপজেলার ৮টি পয়েন্টের এ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 
 
জানা গেছে, ষষ্ঠধাপে বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার কালীগঞ্জ পৌর এলাকা ও তুমলিয়া ইউনিয়নের ৮টি পয়েন্টে অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ওই পয়েন্টে দক্ষিণ ভাদার্ত্তী, উত্তর ভাদার্ত্তী, মধ্য ভাদার্ত্তী ও উত্তরসোম গ্রামের ৮ কিলোমিটার এলাকার প্রায় দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ সময় প্রায় ৪০টি রাইজার, ৮টি বাল্পসহ ২শত ফুট পাইপ জব্দ করা হয়। 
 
তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেবের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন টঙ্গী জোনের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাউর রহমান, মো. আব্দুর রাজ্জাক, সহকারী প্রকৌশলী রিদওয়ানুজ্জামান, সহকারী ব্যবস্থাপক মো. নুজরুল ইসলাম, শাহ মো. এমদাদ, উপ-সহকারী প্রকৌশলী বদরুজ্জামান বাদল, টেকনেশিয়ান মো. মমতাজ উদ্দিন প্রমুখ।  
 
 
ইত্তেফাক/ইউবি