রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, ৫ বছরের পুঞ্জিভুত সকল সমস্যা আগামী ১৫ মাসের মধ্যে সমাধান করবো। সরকার আমাকে আগেও সাহায্য করেছে, আমি আশা করি ভবিষ্যতেও সহযোগিতা করবে।
বুধবার দুপুর ১২টার দিকে রাসিক মেয়র নগরভবনের এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘আজ যে কারণেই হোক দেশের বিরাজমান রাজণৈতিক কারণ, সামাজিক কারণ, আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক অবস্থান সে অবস্থানের কারণে আমরা আমাদের গণতন্ত্র কে বিবর্ণ অবস্থায় দেখেছি। আমরা চাই এ গণতন্ত্র সুস্থ সবল এবং গ্রিন সিটির মতো হোক। আমরা চাই এ গণতন্ত্র সাধারণ মানুষের কাছে শ্রদ্ধার একটা জায়গা তৈরি হোক। আমরা চাই রাসিকের যে ঐতিহ্য তা ফেরত আনা।
তিনি বলেন, আমার প্রথম চ্যালেঞ্জ হবে এই সিটি কর্পোরেশনে একটা সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরি করা। যে সম্পর্ক নষ্ট হয়েছিল, যে সম্পর্কে ঘুনে ধরেছে সে সম্পর্ক তৈরি করা। এই রাজশাহীতে আবার স্বৈরাচারী মনোভাব ছেড়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা। এটিই হবে আমার বড় চ্যালেঞ্জ। রাসিকের উন্নয়ন, সেবা, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত অন্যান্য জায়গায় যদি কোন দুর্বলতা থাকে, কোথাও বেশি কিছু নির্ণয় করা থাকে তবে সার্বিক কর্মকাণ্ড ব্যাখ্যা করব।
মেয়র বুলবুল বলেন, রাসিকের কোন নাগরিক সেবা মুক্ত হবে না। আগামী ১৫ মাসে আামার যদি চারগুণ পরিশ্রম করতে হয়ে তবে সে পরিশ্রমের মধ্য দিয়ে সেটিকে পাঁচ বছর বানানোর চেষ্টার করবো।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুন রাসিক নির্বাচনে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল এক লাখ ৩১ হাজার ৫৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। শপথ নেয়ার পর মাত্র ১৪ মাস দায়িত্বে ছিলেন বুলবুল। সরকার বিরোধী আন্দোলনে পুলিশের দায়ের করা পুলিশ হত্যা, বিস্ফোরক ও নাশকতার অন্তত ১৭টি মামলার আসামি হয়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন তিনি। ইতোমধ্যে দায়িত্ব নিয়ে দুই দফা ক্ষমতা হারিয়েছেন রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে দুই দফা সাময়িকভাবে বরখাস্ত করেছে। অনেক কাঠখড় পুড়িয়ে বুধবার মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন বুলবুল।