উপমহাদেশের কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনের জন্মদিন পালন করেছে নিউইয়র্কে তার ভক্তরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে উৎসবের আয়োজন করে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ।
সংগঠনের প্রতিষ্ঠাতা গোপাল সান্যালের পরিচালনায় এবং অ্যাক্টিভিস্ট মিনহাজ শাম্মুর সঞ্চালনায় দিনব্যাপী জন্ম উৎসবের শুরুতে মঙ্গল প্রদীপ জ্বেলে মহানায়িকাকে স্মরণ করেন প্রবাসে অবস্থানরত সুচিত্রাভক্তরা। অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের একাল-সেকাল নিয়ে আলোচনা করবেন বিশিষ্টজনেরা। এরপর সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শিত হয় অনুষ্ঠানে।
মহানায়িকার জন্ম উৎসব নিয়ে আলোচকরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, সুচিত্রা সেন একজন কিংবদন্তী অভিনেত্রীর নাম। তার অক্লান্ত শ্রম ও সাধনা বাংলা সিনেমাকে দিয়েছে এক গৌরবোজ্জ্বল পরিচয়। তিনি ছিলেন চলচ্চিত্র শিল্পের এই শাখার এক মহান দিকনির্দেশক। তার অমলিন স্মৃতির জন্য বাংলাদেশসহ প্রবাসে যারা কাজ করে যাচ্ছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাংবাদিক ও কলামিস্ট হাসান ফেরদৌস হাসান, নিনি ওয়াহেদ, সুব্রত বিশ্বাস, মুহম্মদ ফজলুর রহমান, নাট্যাভিনেত্রী রেখা আহমেদ ও লুৎফুন নাহার নেতা, অধ্যাপিকা হুসনে আরা বেগম, রানু ফেরদৌস, অ্যাক্টিভিস্ট ফাহিম রেজা নুর, ওবায়দুল্লাহ মামুন, মিথুন আহমেদ, সাংবাদিক আকবর হায়দার কিরণ, মুজাহিদ আনসারী, সনজীবন কুমার, লুৎফা শাহানা, নাট্যকর্মী সৈয়দ জাকির আহামেদ রনি, স্বীকৃতি বড়ুয়া, শিবলী সাদেক. তৈয়বুর রহমান টনি, শুভ রায়, শিরীন রহমান, ফকির রহমান, কবি তমিজ উদ্দিন লোদী প্রমুখ।
উৎসব শেষে সুচিত্রা সেন অভিনীত সাগরিকা, হারানো সুর, গৃহদাহ, আঁধি ছবির খণ্ডাংশ প্রদর্শিত হয়।
ইউবি
-