ভারতের সঙ্গে বাণিজ্য সুবিধাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হওয়ায় প্রধানমন্ত্রীর সফর সফল আখ্যায়িত করে নিউইয়র্কে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অন্যদিকে এই চুক্তিকে দেশবিরোধী আখ্যায়িত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। স্থানীয় সময় শনিবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পক্ষে-বিপক্ষের এই কর্মসূচি পালিত হয়।
ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, বিএনপির কাজ সরকারের ভাল কাজের বিরোধিতা করা। তারা বুছে না বুঝে ভারত বিরোধিতা করছে। তিনি বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিসহ দ্বিপাক্ষিক সব চুক্তিই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য। এটা বর্তমান সরকারের সাফল্য। আর সরকারের সাফল্যের সুফল ভোগ করছে বাংলাদেশের জনগণ।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাজ আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সহ-সভাপতি সৈয়দ বসারত আলী, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সিটি সভাপতি জাকারিয়া চৌধুরী, মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের নেতা কামাল আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা সোলায়মান আলী, শাহানারা রহমান, দুরুদ মিয়া রনেল, আব্দুল হামিদ, যুবলীগ আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ, মহিলা লীগের সভাপতি মমতাজ শাহানা, সবিতা দাস প্রমুখ। সমাবেশ শেষে এক আনন্দ মিছিল বের করা হয়।
IMG0
যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিবাদ
এদিকে রাতে জ্যাকসন হাইটসের চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা গিয়াস আহমেদ অভিযোগ করেন, ভারতের সঙ্গে বর্তমান সরকারের স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি দেশের স্বাধীনতার অস্তিত্বকে বিপন্ন করে তুলবে। আর এসব দেশবিরোধী গোপন চুক্তি বাংলাদেশের মানুষ কোনদিন মেনে নেবে না।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, ভারতের সঙ্গে নিরাপত্তা চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে। জনগণকে অন্ধকারে রেখে ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্পূর্ণ বাংলাদেশের স্বার্থবিরোধী।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ ভারতের সঙ্গে সম্পাদিত সকল চুক্তি বাতিলের দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, কাজী আজহারুল হক মিলন, মাহফুজুল মাওলা নান্নু, সৈয়দা মাহমুদা শিরিন, যুব দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুবদল নেতা বিলাল চৌধুরী, সাদী মিন্টু, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জনি, শাহাদত হোসেন রাজু প্রমুখ।