যতদিন বাংলা ভাষা এবং বাঙালি থাকবে, ততদিন ইতিহাসে অমর হয়ে থাকবেন ধীরেন্দ্রনাথ দত্ত। ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় টরেন্টোর ড্যানফোর্থস্থ মিজান কমপ্লেক্স মিলনায়তনে ধীরেন্দ্রনাথ দত্ত স্মরণ পর্ষদ এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষা আন্দোলনের পথিকৃৎ।
ধীরেন্দ্রনাথ দত্তকে ২৯ শে মার্চ ১৯৭১ সালে পাকিস্তান সামরিক বাহিনী তুলে নিয়ে যায় এবং ৮ এপ্রিল নৃশংস ভাবে হত্যা করে।
বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন পর্ষদের আহ্বায়ক রেজা অনিরুদ্ধ। ধীরেন্দ্রনাথ দত্তের জীবন ও কর্ম এবং তাঁর অবদান নিয়ে আলোচনা করেন টিটু খন্দকার, জিয়া আনসারী, ওয়াহিদ আসগর, আব্দুল হালিম মিয়া, মনিস রফিক ও কিরিট সিংহ রায়। বক্তারা অবিলম্বে তার পৈত্রিক ভিটা উদ্ধারের দাবি জানান।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেয়ের কাছে লেখা ধীরেন্দ্রনাথ দত্তের চিঠি পাঠ করেন আসমা হক এবং ধীরেন্দ্রনাথ দত্তের ওপর লেখা আসাদ চৌধুরী ও শামসুর রাহমানের কবিতা পাঠ করে মেরী রাশেদীন ও মেহেরাব রহমান। ধীরেন্দ্রনাথ দত্তের প্রিয় দুটি রবীন্দ্র সংগীত পরিবেশন করেন পার্থ সারথী শিকদার।
অনুষ্ঠানের শুরুতে টরেন্টো ফিল্ম ফোরাম-এর সভাপতি এনায়েত করিম বাবুল সম্পাদিত ভাষা আন্দোলন ভিত্তিক আর্কাইভ ফুটেজ ও অভিনীত শুটিংকৃত ফুটেজ থেকে নির্মিত ধীরেন্দ্রনাথ দত্তের জীবন ভিত্তিক ৩০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আহমেদ হোসেন।
ইত্তেফাক/রাফাত